ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে পুঁজিবাজারে ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগ তদন্ত করছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে পুঁজিবাজারের আচরণকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে কারসাজি হচ্ছে কি না তা নিয়ন্ত্রক সংস্থাকে খতিয়ে দেখা উচিৎ।
পুঁজিবাজারকে স্থিতিশীল করতে প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরও গত এক মাসে টানা ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় ৩০ শতাংশ। টানা দরপতনের পর মঙ্গলবার সূচক ৯ শতাংশ বাড়ে দেশের দুই পুঁজিবাজারে। এরপর বুধবারই আবার বড় ধরনের দরপতন হয়।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, বুধবার লংকাবাংলা সিকিউরিটিজের অস্বাভাবিক শেয়ার লেনদেনের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে এসইসি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন কর্মকর্তা জানিয়েছেন, “দুই সদস্যের তদন্ত কমিটি বুধবারই লংকাবাংলা সিকিউরিটিজ হাউজ পরিদর্শন করেছে। এর আগে এসইসি থেকে বাজারের লেনদেন বিশেষ করে লংকাবাংলার লেনদেন তদারকি করা হয়।”
লেনেদেনের দিক থেকে পুঁজিবাজারের সবচেয়ে বড় সিকিউরিটিজ হাউজ লংকাবাংলার ডিএসই সদস্যপদ নম্বর ১৩২।
পুজিবাজারে অস্বাভাবিক দর ওঠানামার কারণ খতিয়ে দেখতে গত ডিসেম্বরে পাঁচ শীর্ষ ব্রোকারেজ হাউজ ও তাদের কিছু গ্রাহকের বিষয়ে তদন্ত করে এসইসি। এই পাঁচটি ব্রোকারেজ হাউজের মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজও ছিল।
এ বিষয়ে জানতে চাওয়া হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারের আচরণ স্বাভাবিক না। এ বিষয়টি এসইসিকে খতিয়ে দেখতে হবে।”
এসইসির সাবেক এ চেয়ারম্যান বলেন, “আমি অনেক আগে থেকেই বলে আসছি, এসইসির মূল কাজ হলো বাজারে কোনো অস্বাভাবিক বা নিয়ম বহির্ভূত কিছু ঘটছে কি না তা খতিয়ে দেখা। এ কাজটি করায় এসইসিকে স্বাগত জানাই আমি।”
এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিএসই সাবেক সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে পতনের অন্যতম কারণ হলো ফোর্স সেল ও অ্যাগ্রেসিভ সেল। কোথা থেকে এসব ঘটনা ঘটছে তা এসইসিকে খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৮১০ ঘ.
bdnews24