২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বেড়েছে সব কোম্পানির শেয়ারের

টানা দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩২৪ পয়েন্ট বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 05:46 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক সপ্তাহ ধরে ব্যাপক দরপতনের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া সবগুলো কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সূচক বেড়েছে প্রায় সোয়া তিনশ’ পয়েন্ট। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুর পাঁচ মিনিটেই সূচক এক লাফে ১৬২ পয়েন্ট বাড়ে। দশ মিনিটে বাড়ে ১৯৬ পয়েন্ট। এরপর তা সূচক কিছুটা কমলেও পরে ক্রমান্নয়ে তা বাড়তেই থাকে। দিন শেষে লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের সবগুলোই দাম গতদিনের চেয়ে বেড়েছে। এর মধ্যে ২১২টি কোম্পানির দাম নয় শতাংশের বেশি বেড়েছে। দাম বাড়ার সর্বোচ্চ সীমায় (সার্কিট ব্রেকার) পৌঁছে বেশিরভাগ কোম্পানির শেয়ার বিক্রেতাশুন্য হয়ে পড়ে। ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে ৯ দশমিক ১০ শতাংশ বা ৩২৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৪৫ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ১৯১ কোটি টাকার শেয়ার। ব্যাপক দরপতনের পর সূচকের অনেক বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে ডিএসই-এর সাবেক সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত বাংকগুলোর আমানতের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ সুদ হারের রাশ টেনে ধরতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক। এর একটা প্রভাব পড়েছে বাজারে।” “এ ছাড়া ক্ষমতাসীন জোটের সিনিয়র সংসদ সদস্যরা পুঁজিবাজার নিয়ে সংসদে আলোচনা করেছেন। তার মানে, সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি সরকারের ভাবমূর্তিকে ধুলিস্মাৎ করতে চাইলেও তা হতে পারবে না।” বাংলাদেশ মার্চেন্ট বাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের সদিচ্ছা থাকলে পুঁজিবাজার ভালো হবেই। তবে কিছু তারল্য সংকট আছে। সে দিকে সরকারের নজর দিতে হবে।” এদিকে সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ডিএসই সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজার এতো পড়ছে কেন? এর কারণগুলো কি কি-তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সোমবার সাধারণ সূচক ২২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৬১৬ পয়েন্ট হয়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সূচকের সবচেয়ে নিচের অবস্থান। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্র“য়ারি) সাধারণ সূচক ৬৪১ পয়েন্ট বা ১৪ দশমিক ২৯ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৩০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪.৪৯ শতাংশ কম। এর আগের সপ্তাহে (২২ থেকে ২৬ জানুয়ারি) সাধারণ সূচক ৪৫৯ পয়েন্ট বা ৯ দশমিক ২৯ শতাংশ কমে। এর আগের সপ্তাহের চার কার্যদিবসে (১৫ থেকে ১৯ জানুয়ারি) সাধারণ সূচক কমেছিল ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ। এরও আগের সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪৩ ঘ.