২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের পিই অনুপাত সাত বছরের মধ্যে সর্বনিম্ন

পুঁজিবাজারে বড় ধরনের দরপতন চলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য ও আয়ের অনুপাত (পিই রেশিও) ১০ এর ঘরে চলে এসেছে, যা গত সাড়ে সাত বছরের মধ্যে সবচেয়ে কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বড় ধরনের দরপতন চলতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য ও আয়ের অনুপাত (পিই রেশিও) ১০ এর ঘরে চলে এসেছে, যা গত সাড়ে সাত বছরের মধ্যে সবচেয়ে কম। গত কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় বুধবারও দেশের দুই পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৬৬ পয়েন্ট কমে হয়েছে তিন হাজার ৮৮৭ পয়েন্ট। ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে, দরপতনের ফলে বুধবার বাজারের গড় মূল্য ও আয়ের অনুপাত দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৬-এ। এর আগে ২০০৪ সালের মে মাসে পিই কমে ১০ দশমিক ৭৩ এ দাঁড়িয়েছিল, এখন তার চেয়েও নেমে এসেছে। গত ৫ জানুয়ারি থেকে অব্যাহত দরপতনের ফলে ডিএসই সাধারণ সূচক কমেছে প্রায় ১ হাজার ৬০০ পয়েন্ট বা ২৮ শতাংশ। এর ফলে মার্জিণ ঋণ নিয়ে বিনিয়োগ করা অনেকেই তাদের পুঁজি হারিয়ে ফেলেছেন। পুঁজিবাজারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা এবি আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতো বড় দরপতন হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে আমার কাছে কোনো ব্যাখ্যাও নেই।” “এতো বড় দরপতন কেন হচ্ছে তা এসইসির খতিয়ে দেখা উচিৎ,” বলেন তিনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক এ চেয়ারম্যান বলেন, “বাজারে বিনিয়োগযোগ্য শেয়ারের অভাব নেই। অনেক শেয়ারের পিই রেশিও ১০ এর নিচে। তাছাড়া বর্তমান বাজারে মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে ২ থেকে ৩ মাসের মধ্যে ভালো মুনাফা পাওয়া যাবে, যা সঞ্চয়পত্রের মুনাফার চেয়ে বেশি।” ডিএসইর সর্বোচ্চ গড় পিই রেশিও ছিল ২০১০ সালের ফেব্র“য়ারিতে ৩০.৫৮। ২০১০ সালের ডিসেম্বর থেকে দরপতন শুরু হয়েছে দেশের দুঁই পুঁজিবাজারে। বুধবার ডিএসই সাধারণ সূচক নেমে এসেছে ২৭ মাস আগের অবস্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১৬ ঘ.