ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে পুঁজি হারানো এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার স্বজনরা জানিয়েছেন, পুঁজি হারানোর পর থেকে মানসিক অস্থিরতায় ছিলেন তিনি।
সোমবার আত্মহত্যাকারী ওই ব্যক্তির নাম কাজী লিয়াকত আলী (৪০)। তার বাসা গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডে।
সোমবার সকালে বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।
লিয়াকতের শ্বশুর শামসুল হক মল্লিক সাংবাদিকদের জানান, তার জামাতা পুঁজিবাজারে বিনিয়োগ করে প্রায় ৭৫ লাখ টাকা খুইয়েছে।
“জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে বিনিয়োগ করেছিল সে। গতকাল (রোববার) পুরোপুরি নিঃস্ব হয়ে যাওয়ায় প্রচণ্ড মানসিক চাপে ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।”
গত বছর থেকে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। ধারাবাহিক দরপতনে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে নেমে যায়, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম।
লিয়াকতের স্বজনরা জানান, তিনি আল-আরাফা ইসলামী ব্যাংক সিকিউরিটিজ হাউজ ও জয়তু সিকিউরিটিজে লেনদেন করতেন।
লিয়াকতের স্ত্রী শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা বেগম সাথী সাংবাদিকদের বলেন, “জমি বিক্রি করে বিনিয়োগ করেছিল সে। বেশ কিছুদিন ধরেই চাপে ছিল। কাল তার সব পুঁজি শেষ হয়ে গেলে প্রচণ্ড মানসিক চাপে পড়ে।”
মেয়ে মনীষাকে নিয়ে লিয়াকতের শাশুড়ি সকাল ১০টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে ঝুলন্ত লাশ দেখতে পান। প্রতিবেশীরা খবর দিলে পুলিশে এসে লাশ নামায়।
সূত্রাপুর থানার উপপরিদর্শক হেকমত আলী জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
লিয়াকতের গ্রামের বাড়ি মানিকগঞ্জে হরিরামপুর থানার আজিমনগর গ্রামে। গোপীবাগের আর কে মিশন রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
এদিকে লিয়াকতের আত্মহত্যার খবর পেয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা কালো ব্যাজ পড়ে লিয়াকতের বাড়ির সামনে জড়ো হন।
ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী জানান, লিয়াকত তাদের সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। টানা দরপতনে তার পুঁজি শেষ হয়ে উল্টো দেনা হয়ে গিয়েছিল তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24