২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর সূচক ২৫ মাসের মধ্যে সর্বনিম্ন

টানা তৃতীয় দিনের মতো দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১৩২ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিনেও ব্যাপক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গত ২৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর পাঁচ মিনিটেই সাধারণ সূচকে যোগ হয় ৮৩ পয়েন্ট। এরপর থেকে সূচক পড়তে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক ১৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৫০৬ পয়েন্ট হয়েছে, যা ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে দরপতন শুরু হওয়ার পর সর্বনিম্ন। আর ডিএসইতে এর চেয়েও কম সূচক (৪ হাজার ৪৭৫ পয়েন্ট) ছিল প্রায় ২৫ মাস আগে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর । ডিএসইতে হাতবদল হওয়া ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৩০টির দাম কমেছে। বেড়েছে ১৮টির এবং অপরিবর্তিত আছে ১১টির দাম। লেনদেন হয়েছে ২৩৩ কোটি টাকার শেয়ার। সোমবার লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৭১ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২৩৪ কোটি টাকার শেয়ার। শেয়ারবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে গত সপ্তাহজুড়ে ‘বিভ্রান্তির’ পর এ সপ্তাহের প্রথম দিনও ব্যাপক দরপতন হয় দেশের দুই পুঁজিবাজারে। রোববার ডিএসই সাধারণ সূচক ৪ দশমিক ৭৮ শতাংশ বা ২৩৬ পয়েন্ট কমে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৯১ পয়েন্ট কমে ১৩ হাজার ১৩৬ হয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ১৮৯ পয়েন্ট কমে ৮ হাজার ৪১২ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে ৩০ কোটি টাকার শেয়ার। হাতবদল হওয়া ১৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ১৫৮টির, বেড়েছে ১৫টির এবং অপরিবর্তিত আছে ৩টির দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - বেক্সিমকো লি., গ্রামীণ ফোন, যমুনা অয়েল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, এনবিএল, সোস্যাল ইসলামি ব্যাংক লি., বীকন ফার্মা, ম্যাকসন স্পিনিং ও কেয়া কসমেটিকস্। দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো - আইসিবি ১ম এনআরবি, সাউথইস্ট ব্যাংক লিঃ ১ম মিউঃ ফান্ড, ইবিএল এনআরবি মিউঃ ফান্ড, ৬ষ্ঠ আইসিবি, বাটা সু কোং, যমুনা অয়েল, বার্জার পেইন্ট, হাক্কানী পাল্ড, দেশ গার্মেন্টস ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো - ডিবিএইচ, মডার্ন ডায়িং, শমরিতা হাসপাতাল, মাইডাস ফাইন্যান্স, ঢাকা ইন্সুরেন্স, ঢাকা ডায়িং, তাকাফুল ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও ফারইস্ট লাইফ ইন্সুরেন্স। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (১৫ থেকে ১৯ জানুয়ারি) চার কার্যদিবসে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ কমে। ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩০০ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ কম। তার আগের সপ্তাহেও ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক কমেছিল। ওই সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে। ওই সময় ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৩ ঘ.