ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের দ্বিতীয় দিনও দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। প্রতিবাদে ডিএসইর সামনে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।
সোমবার লেনদেন শুরুর পর পাঁচ মিনিটেই দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১২৫ পয়েন্ট হারায়। দুপুর ২টা ৩৫ মিনিটে সূচক ১৯৭ পয়েন্ট কমে যায়। লেনদেনের শেষের দিকে সূচক খানিকটা ওপরের দিকে ওঠে।
ডিএসইতে দিনশেষে সাধারণ সূচক ১৬৭ পয়েন্ট বা ৩ দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৮৬৪ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৩১৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি ৮০ লাখ টাকা বেশি।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪২টির দাম কমেছে। দাম বেড়েছে ১০টির এবং অপরিবর্তিত আছে ৪টির দাম।
রোববার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৮২ পয়েন্ট কমে।
গত কয়েকদিনের দরপতনের প্রতিবাদে সোমবার বেলা সোয়া ১২টার দিকে ডিএসইর সামনে বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ শুরু করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএসইতে গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩ শতাংশ কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই সূচক (সিএসসিএক্স) ২৩৫ পয়েন্ট কমে ৮ হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৪২ কোটি টাকার।
সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৬টির। বেড়েছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে। বাছাই সূচক (সিএসসিএক্স) কমে ১৬৬ পয়েন্ট।
গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে লেনদেন ও সূচক দুটোই কমে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (৮ থেকে ১২ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ৩৫২ পয়েন্ট বা ৬ দশমিক ৪৫ শতাংশ কমে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো, গ্রামীণ ফোন, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, বেক্সিমকো লি., সায়হাম টেক্সটাইল, সোস্যাল ইসলামি ব্যাংক লি., আফতাব অটো, কেয়া কসমেটিকস ও ফু-ওয়াং সিরামিকস।
দর বাড়ার শীর্ষে আছে ন্যাশনাল টিউবস্।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, সায়হাম টেক্সটাইল, ৫ম আইসিবি, ৪র্থ আইসিবি, কোহিনুর কেমিক্যাল, বিডি অটোকারস, আরএন স্পিনিং, ঢাকা ডাইয়িং, ন্যাশনাল পলিমার, সেন্ট্রাল ইন্সুরেন্স ও সিঙ্গার বিডি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৬২৩ ঘ.
bdnews24