২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধে অর্জিত অর্থ পুঁজিবাজারে নয়

অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। পুঁজিবাজারে কালো টাকা (অপ্রদর্শিত আয়) বিনিয়োগের সুযোগ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার যে প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে তাতে এ শর্ত আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে ছয়টি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে একটিতে বলা হয়, “অন্য কোনো আইনে বর্ণিত অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয়ের ক্ষেত্রে এই প্রজ্ঞাপনে বর্ণিত সুবিধা প্রযোজ্য হবে না।” চলতি অর্থবছরে পুঁজিবাজারে বিনাপ্রশ্নের কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও পরে এক্ষেত্রে আয়ের উৎস জানানোর বাধ্যবাধকতা আরোপ করে এনবিআর। রোববারের প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে বৈধ উপায়ে অর্জিত করমুক্ত আয় পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া অন্য কোনো শ্রেণীর করদাতা বিনিয়োগ করলে বিনিয়োগকৃত আয়ের ওপর শর্ত সাপেক্ষে প্রদেয় আয়করের হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হলো। এ সুবিধা পেতে হলে যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে- ১০ শতাংশ হারে কর দিতে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে কর অনারোপিত আয় বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা দিতে হবে। “এছাড়া ঘোষিত বিনিয়োগ শুধুমাত্র আয়কর কর নির্ধারণের জন্য ব্যাখ্যায়িত বলে গণ্য হবে।” ঘোষণাপত্রের সঙ্গে ১০ শতাংশ হারে কর পরিশোধের সমর্থনে পে-অর্ডারেএর কপি, বিনিয়োগের সমর্থনে পোর্ট ফোলিও স্টেটমেন্ট ও বেনিফিশিয়ারি ঔনার্স (বিও) একাউন্টের লেজারের কপি সংযোজন করার কথাও বলা হয় প্রজ্ঞাপনে। শর্ত হিসেবে এতে আরো বলা হয়, “বিনিয়োগ করা অর্থ ২০১৩ সালের ৩০শে জুনের মধ্যে উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।” “অন্য কোনো আইনে বর্ণিত অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয়ের ক্ষেত্রে এই প্রজ্ঞাপনে বর্ণিত সুবিধা প্রযোজ্য হবে না।” এছাড়া গত বছরের ৩০ জুনের মধ্যে কর ফাঁকি দিয়েছেন- এমন তথ্য উদঘাটিত হলে এবং আয়কর অধ্যাদেশের ৯৩ সেকশন অনুযায়ী কার্যক্রম গৃহীত হলে তার ক্ষেত্রে এই প্রজ্ঞাপনের সুবিধা প্রযোজ্য হবে না। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পুঁজিবাজারে কালো টাকা সাদা করার কোনো সুযোগ দেননি। পরে বিভিন্ন মহলের চাপের মুখে এবং প্রধানমন্ত্রীর অনুরোধে বাজেট পাশের আগের দিন অর্থমন্ত্রী কোনো প্রশ্ন ছাড়া এ সুবিধা দেওয়ার ঘোষণা দেন। পরে মুদ্রা পাচার প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্র“প অন মানি লন্ডারিংয়ের (এপিজিএমএল) চাপের মুখে আরেকটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এতে বলা হয়, পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে অর্জিত আয়ের উৎস অবশ্যই জানাতে হবে। মাস দুয়েক আগে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশে কোনো প্রশ্ন ছাড়াই পুঁজিবাজারে কালো টাকা সাদা করার (বিনিয়োগ) সুযোগ দেওয়ার ঘোষণা দেয় এনবিআর। এর মাস খানেক পর এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, “পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের ক্ষেত্রে এনআিরের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলা হবে না। তবে সরকারের অন্য কোনো সংস্থা প্রশ্ন করবে কি না- সে বিষয়ে এনবিআর কিছু জানে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১৪৫ ঘ.