ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন শুরু হওয়ার পর সূচকের ওঠানামার মধ্য দিয়ে কেটেছে প্রথম ঘন্টা। দ্বিতীয় ঘন্টার লেনদেনে দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
বুধবার ১টা ১ মিনিটে ডিএসই সাধারণ সূচক ২৯ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৪৯ দশমিক ৩৪ পয়েন্টে। এ সময় কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘন্টার তুলনায় দ্বিতীয় ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় অর্ধেক। প্রথম ঘন্টা শেষে লেনদেনের পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। আর দ্বিতীয় ঘন্টার লেনদেন শেষে তা ৫৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ কোটি টাকায়।
দ্বিতীয় ঘন্টা শেষে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ১৬৩টির। অপরিবর্তিত রয়েছে ১৯ টির দাম।
মঙ্গলবার ১১২ পয়েন্ট সূচক পতনের পর বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। এক ঘন্টার লেনদেন শেষে ১২টা ১ মিনিটে ডিএসই সাধারণ সূচক ১৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৮৯২ দশমিক ৮৮ পয়েন্টে।
গত সপ্তাহে দরপতনের পর রোববার ও সোমবার পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা দিলেও মঙ্গলবার ডিএসই সাধারণ সূচক কমে ১১২ পয়েন্ট। সেদিন লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকার শেয়ার ও মিচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৩১৪ ঘ.
bdnews24