ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকা ইন্সুরেন্স ও জেমিনি সি ফুড।
কোম্পানি দুটি ১০০ টাকার প্রতিটি শেয়ার ১০ টাকা করবে। মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এই ঘোষণা দেয়া হয়।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হবে।
গত বছর সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার কাজ শুরু হয়। কিন্তু গত ডিসেম্বর-জানুয়ারি পুঁজিবাজারে ধসের পর এ প্রক্রিয়া স্থগিত রাখা হয়।
এরপর গত ২৩ অগাস্ট সব শেয়ারের অভিহিত মূল্য ডিসেম্বরের ১ তারিখে ১০ টাকা করার ঘোষণা দেয় এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৫১ ঘ.
bdnews24