২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ না করতে বিনিয়োগকারীদের এসইসির অনুরোধ

রাজপথে বিক্ষোভ না করার জন্যে বিনিয়োগকারীদের অনুরোধ করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিনিয়োগকারীদের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের মামলা প্রত্যাহারে আইনগত সহায়তা করারও আশ্বাস দিয়েছে এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে বিক্ষোভ না করার জন্যে বিনিয়োগকারীদের অনুরোধ করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিনিয়োগকারীদের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের মামলা প্রত্যাহারে আইনগত সহায়তা করারও আশ্বাস দিয়েছে এসইসি। সোমবার বিকালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠিক সম্পাদক শাহাদত উল্লাহ ফিরোজ। তিনি বলেন, "এসইসির সাথে বৈঠকে বিনিয়োগকারীদের বিরুদ্ধে মামলার ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছেন এসইসি চেয়ারম্যান ম. খায়রুল হাসান। মামলা প্রত্যাহারে এসইসির পক্ষ থেকে আইনগত সহায়তা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।" "এসইসি বলেছে, তারা বাজার ভালো করার চেষ্টা করে যাচ্ছে। তাই রাজপথে আন্দোলন না করতে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আগে বাজার পুরোপুরি ঠিক হোক, তাহলে আর আমাদের আন্দোলন করার দরকার হবে না।" ফিরোজ জানান, বৈঠকে বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বলেছেন, "পুঁজিবাজারে দরপতনে তাদের কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও বিনিয়োগকারীরা মিছিল ও বিক্ষোভের সময় বাংলাদেশে ব্যাংককে দায়ী করে। অথচ পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করে যাচ্ছে।" পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক আলোচনা করছে এসইসি। সভায় এসইসি সদস্য হেলালউদ্দিন নিজামী, সদস্য আরিফ খান, বিনিয়োগকারী ঐক্য পরিষদের জেষ্ঠ্য সহসভাপতি কাজী নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন বলে ফিরোজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৯৫০ ঘ.