ঢাকা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ৬ জন পরিচালক নেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
শনিবার সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৬ জন পরিচালককে মনোনীত করে তা অনুমোদনের জন্য এসইসি পাঠানো হয়েছিল। এসইসি বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে।"
তারা তিন বছরের জন্য মনোনীত হয়েছেন বলে জানান তিনি।
নতুন পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি ফেডারেশন সভাপতি একে আজাদ, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি পারভীন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সিএম শফি সামি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুস সালাম ও দৈনিক পূর্বকোন সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী।
সিএসইতে মোট ২৫ জন পরিচালক রয়েছেন। এদের মধ্যে ১২ জন নির্বাচিত, ১২ জন মনোনীত। বাকি পরিচালক পদাধিকার বলে হন প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০৩৫ ঘ.
bdnews24