২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বাড়ার শীর্ষে 'অতিমূল্যায়িত' শেয়ার

বাজারে দরপতন চলতে থাকলেও 'অতিমূল্যায়িত' কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ বাজারে দরপতন চলতে থাকলেও 'অতিমূল্যায়িত' কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ছেই। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বড়ার শীর্ষ পাঁচের তালিকায় রয়েছে তাল্লু স্পিনিং, অ্যাম্বি ফার্মা, দেশ গার্মেন্টস, বিডি অটোকারস, ফার্ম এইডস। অথচ প্রতিষ্ঠানগুলোর মূল্য আর আয়ের অনুপাত (পিই রেশিও) ৭৫ থেকে ২৪৫ পর্যন্ত। পিই রেশিও ৪০ ছাড়িয়ে গেলে অতিমূল্যায়িত বিবেচনায় সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে ঋণ সুবিধা দেওয়া হয় না। এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও শেয়ারের প্রত্যাশিত পিই ১৫। তাপরও ২০ পর্যন্ত মানা যায়। কিন্তু এর বেশি হলেই সেটা ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত।" ডিএসই সাধারণ সূচক গত সপ্তাহে ৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫২ পয়েন্টে। একই সময়ে দাম কমেছে ২৪২টি কোম্পানির শেয়ারের, বেড়েছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ারে দাম। অথচ দাম বাড়ার শীর্ষে থাকা ওই পাঁচটি কোম্পানির শেয়ারের দাম ৯ শতাংশ থেকে ১৫ দশমিক ২৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। ১৫ দশমিক ২৩ শতাংশ বেড়ে গত সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে চলে এসেছে তাল্লু স্পিনিংয়ের শেয়ার। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭০০ টাকায়। বস্ত্র খাতের 'এ' ক্যাটাগরির কোম্পানিটির পিই রেশিও ১১৯ দশমিক ৭২। ওষুধ ও রসায়ন খাতের অ্যাম্বি ফার্মার শেয়ারের মূল্য গত সপ্তাহে বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৭৪ টাকায়। 'এ' ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের পিই রেশিও দাঁড়িয়েছে ২৪৫ দশমিক ৪৭। দাম বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস। ১০ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭১৯ টাকায়। ফলে বস্ত্র খাতের 'বি' ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারের পিই দাঁড়িয়েছে ২২২ দশমিক ৮৬-এ। ১০ দশমিক ৭ শতাংশ বেড়ে চতুর্থ স্থানে চলে এসেছে 'বি' ক্যাটাগরির প্রকৌশল খাতের বিডি অটোকারস। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬২২ টাকা ৫০ পয়সায়। এতে পিই দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৯২-এ। এরপরই দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ওষুধ ও রসায়ন খাতের ফার্মা এইডসের শেয়ার। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার গত সপ্তাহে বেড়েছে ৯ শতাংশ। সর্বশেষ লেনদেন হয়েছে ৩০৬৮ টাকায়। 'এ' ক্যাটাগরির এ শেয়ারের পিই ৭৫ দশমিক ৪১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০১৮ ঘ.