ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ যেসব মার্চেন্ট ব্যাংক যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ।
এছাড়া নতুন করে আরো মার্চেন্ট ব্যাংকের অনুমতি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর একটি হোটেলে সিএসই পরিচালকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব দাবির কথা বলেন তিনি।
ফখর উদ্দিন বলেন, "যেসব মার্চেন্ট ব্যাংকের পারফরম্যান্স খারাপ তাদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া নতুন করে আরো মার্চেন্ট ব্যাংকের অনুমোদন দিতে হবে।"
বিভিন্ন ত্র"টি তুলে ধরে তিনি বলেন, "মার্চেন্ট ব্যাংগুলোর মূল দায়িত্ব পোর্টফোলিও ব্যবস্থাপনা করা, নতুন নতুন কোম্পানি বাজারে আনা, নিজস্ব পোর্টফোলিও কার্যকর রাখা, বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া ইত্যাদি। কিন্তু এখন বেশিরভাগ মার্চেন্ট ব্যাংক ব্যস্ত আছে ব্রোকারি এবং ঋণ নিয়ে।"
দেশে বর্তমানে ৩৬টি মার্চেন্ট ব্যাংকের অনুমোদন রয়েছে। এরমধ্যে চালু আছে ৩২টি।
বাজারে স্থিতিশীলতা আনার জন্য শেয়ার ব্যবসার খরচ কমানো, সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড) চার্জ কমানো, ওটিসি বাজারকে আরো কার্যকর করা, সব ক্যাটাগরিরর শেয়ারেরই লেনদেন নিস্পত্তির সময় আরো কমানো, নেটিং সুবিধা আরো বাড়ানো দরকার বলে মনে করেন ফখর উদ্দিন।
তিনি বলেন, "বাজার স্থিতিশীলতার জন্য অর্থ প্রবাহের চেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস তৈরি করা। এটা করতে পারলে বাজারে স্থিতিশীলতা চলে আসবে।"
তবে এর পাশাপাশি পুঁজিবাজারে নতুন করে অর্থ সরবরাহ বাড়ানোর দরকার বলেও জানান তিনি। এজন্য ব্রোকারেজ হাউজগুলোর আরো শাখা ও বুথ খোলার অনুমতি দেওয়ারও দাবি জানান সিএসই সভাপতি।
গত ২৫ জুলাই থেকে দেশের দুই পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। বেশিরভাগ দিনই সূচক কমেছে।
গত দু' মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে ১ হাজার ৫৮ পয়েন্ট।
টানা দরপতনের মুখে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের উদ্যোগ নিলেও বাজারে স্থিতিশীলতা আনা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬১৪ ঘ.
bdnews24