২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগকারীদের নেতা আটক

মতিঝিলে বিক্ষোভের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীসহ নয় জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে বিক্ষোভের সময় গাড়ি ভাংচুরের অভিযোগে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরীসহ নয় জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে সংগঠনটির জেষ্ঠ্য সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকও রয়েছেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে মতিঝিলে পেট্রোল পাম্পের কাছ থেকে মিজানুরসহ চার জনকে আটক করা হয় বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি তোফাজ্জেল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ি ভাংচুরের অভিযোগে তাদের আটক করা হয়েছে।" আটককৃত অপর বিনিয়োগকারীরা হলেন আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলী ও মাসুদ। পরে ডিএসইর সামনে থেকে আরো পাঁচ জনকে আটক করা হয় জানিয়ে মতিঝিল থানার উপ-পরির্দশক (এসআই) মোস্তাফিজ বলেন, এরা হলেন জেষ্ঠ্য সহ সভাপতি কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদত হোসেন ফিরোজ, সরফরাজ হোসেন, মিজানুর রহমান ও আবদুল্লাহ। বিকালে বিনিয়োগকারীদের একটি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ে কমিশন চেয়ারম্যান ম. খায়রুল হাসানের সঙ্গে দেখা করে আটক নেতাকর্মীদের মুক্তির ব্যবস্থা করতে অনুরোধ করেন। চেয়ারম্যান এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তবে সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত আটককৃত বিনিয়োগকারীদের মুক্তি দেওয়া বা মামলা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় পুলিশ। সোমবার সকাল থেকেই পুঁজিবাজারে দরপতন শুরু হলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনের রাস্তায় গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। তাদের মাথায় ছিলো কাফনের কাপড়। সাড়ে ১২টার একটি মিছিল বের করে কেন্দ্রীয় ব্যাংকের সামনে যায় বিনিয়োগকারীরা। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে সেখানেও পুলিশ বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে পুলিশের অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/আরএ/১৮২৬ ঘ.