ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘অস্বাভাবিক’ ও ‘সন্দেহজনক’ লেনদেনের মাধ্যমে পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টির সন্দেহে পাঁচ মার্চেন্ট ব্যাংক এবং তাদের কিছু গ্রাহকের শেয়ার লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো হলো- লংকা বাংলা সিকিউরিটিজ, পিএফআই সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং লিমিটেড।
এ বিষয়ে তদন্তের জন্য ৮ ডিসেম্বর একটি আদেশ জারি করেছে এসইসি। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, “এসইসির নজরে এসেছে যে, স¤প্রতি শেয়ারবাজারের চরম উত্থান-পতনের সময় বেশকিছু স্টক ডিলার/ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকার্স এবং তাদের কিছু গ্রাহক সন্দেহজনক ও অস্বাভাবিক শেয়ার লেনদেনের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত থাকতে পারে।”
“জনস্বার্থে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করার বিষয়ে এসইসি সম্মত হয়েছে,” বলা হয় আদেশে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯ এর ২১ ধারা বলে প্রতিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের জন্য দুজন করে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে এসইসি।
বাজার সংশ্লিষ্ট শীর্ষ স্থানীয় একজন নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে কম দামে শেয়ার বিক্রি করে কৃত্রিমভাবে বাজারে দরপতন ঘটানো হচ্ছে। গত দুমাস ধরে প্রায় একই চিত্র আমরা দেখছি।”
“এভাবে প্রথমেই দাম কমিয়ে ফেলায় অনেক বিনিয়োগকারীই ভয় পেয়ে যাচ্ছেন। বাজারের বটম লাইন আরো নিচে যেতে পারে এ আশঙ্কায় তারা বিনিয়োগ করছেন না।”
“কারসাজির মাধ্যমে যারা দাম কমাচ্ছে তাদেরকে শাস্তি দিতে হবে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৪৩ ঘ.
bdnews24