নাহাস পাশা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লন্ডন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে গঠিত ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ফান্ডের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও এতে বিনিয়োগের সুবিধাগুলো প্রবাসীদের কাছে তুলে ধরতে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাজ্য সফর করছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির।
লন্ডনে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন ও আইসিবির উদ্যোগে আয়োজিত ‘ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ ফান্ড’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন আইসিবির চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান।
বাজারের টানা দরপতনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ মার্চ পাঁচ হাজার কোটি টাকার মেয়াদহীন ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের ঘোষণা দেয় আইসিবি।
আইসিবি চেয়ারম্যান জানান, আইসিবি ২৯টি মিউচুয়াল ফান্ড পরিচালনা করেছে। এগুলোর মধ্যে সর্বোচ্চ লাভের দৃষ্টান্ত হচ্ছে ৫০০ শতাংশ ও সর্বনিু ৩২ শতাংশ।
তিনি বলেন, সরকার ভালো মুনাফার এই ফান্ডে প্রবাসীদের বিনিয়োগ চায়। আইসিবির বাংলাদেশ ফান্ডের টাকা পুঁজিবাজারে ও শিল্প এবং অবকাঠামো খাতে বিনিয়োগ করা হবে।
মাহফুজুর রহমান বলেন, আইসিবির এসেট ম্যানেজমেন্ট কোম্পানি অত্যন্ত দক্ষ লোকদের দ্বারা পরিচালিত। এই দক্ষতা থেকেই তারা মিউচুয়াল ফান্ডে সফলতা আনবেন।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাংলাদেশ ফান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “প্রবাসীরা কম ঝুকির ফান্ডে বিনিয়োগ করতে চান। বাংলাদেশ ফান্ড এমন একটি ফান্ড। এই ফান্ডের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের শিল্পায়নে ভূমিকা রাখতে পারবেন।
তিনি বলেন, “এই ফান্ডে এ পর্যন্ত ১৮শ কোটি টাকা বিনিয়োগ আকৃষ্ট করা হয়েছে। সরকার প্রবাসীদেরও বিনিয়োগ চায়। এই ফান্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে।”
বাংলাদেশ ফান্ডে প্রবাসীরা কিভাবে বিনিয়োগ করতে পারবে তা তুলে ধরেন তিনি।
বাংলাদেশ ফান্ডের ইউনিট সার্টিফিকেট কেনার মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন প্রবাসিরা। এ জন্য ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে হবে। প্রবাসীদের আত্মীয়স্বজনরা তাদের পক্ষে ইউনিট কিনতে পারবেন। লন্ডন থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে এ কাজটি করা যাবে।
সেমিনারে বলা হয়, বাংলাদেশ ফান্ডে বিনিয়োগকৃত টাকা, মুনাফা বা ডিভিডেন্ড প্রবাসে ফিরিয়ে আনা যাবে না। প্রবাসীরা অর্জিত মুনাফা আবার সরাসরি বিনিয়োগ করতে পারবেন।
সেমিনারে প্রবাসীরা বাংলাদেশ ফান্ডে বিনিয়োগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তারা এই বিনিয়োগকৃত অর্থ যাতে বৈদেশিক মুদ্রায় দিতে এবং ফেরত আনতে পারার দাবি জানান।
আইসিবির চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি জানান, বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসীদের কাছ থেকে তারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তারা বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৯২৮ ঘ.
bdnews24