ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার কেনার সুবিধা দিতে সংশ্লিষ্ট একটি বিধিমালার উপধারা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, “যেসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশের নীচে শেয়ার রয়েছে বা পরিচালকদের ২ শতাংশের নীচে শেয়ার রয়েছে, তাদের শেয়ার কেনার ক্ষেত্রে এসইসির আরেকটি বিধি সাংঘর্ষিক হচ্ছিল। এ কারণে তাদের জন্যে এ সংক্রান্ত বিধিটি শিথিল করেছে কমিশন। ফলে তাদের শেয়ার কেনার ক্ষেত্রে কোনো বাধা রইল না।”
শীঘ্রই এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হবে বলে তিনি জানান।
যেসব কোম্পানির ডিসেম্বরে বছর শেষ হবে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর ৪ ধারার ২ উপধারার কারণে এসব প্রতিষ্ঠানের পরিচালকদের বছর শেষ হওয়ার আগের দুইমাস থেকে শুরু করে আর্থিক হিসাব পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত শেয়ার কেনার ওপর বাধা ছিল।
এসইসির এই নির্দেশনায় এই বাধা থাকল না।
২২ নভেম্বর এক পরিপত্রে এসইসি নির্দেশনা জারি করে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এছাড়া প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ করে শেয়ার থাকতে হবে। আগামী ৬ মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
আবার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ ) বিধিমালা ১৯৯৫ এর ৪ এর ২ উপধারায় বলা হয়েছে, “কোনো প্রতিষ্ঠানের স্পন্সর, পরিচালক, কর্মকর্তা, নিরীক্ষক, আইন উপদেষ্টা বা বেনিফিশিয়ারি ওনার্সরা কোম্পানির বার্ষিক হিসাব শেষের দিন থেকে, ঐ হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্তভাবে বিবেচিত, গৃহীত বা অনুমোদিত হওয়ার তারিখ পর্যন্ত আলোচ্য কোম্পানির শেয়ার ক্রয়, বিক্রয়, হস্তান্তর বা গ্রহণ করতে পারবেন না।”
এছাড়াও ২০১০ সালের ২৩ মার্চ তারিখে জারি করা এক সংশোধনীতে এসইসি বিধিটিতে আরো যোগ করে, কোম্পানির হিসাব সমাপ্তির দুইমাস আগে থেকেই হিসাব চূড়ান্ত অনুমোদিত না হওয়া পর্যন্ত শেয়ার ক্রয়, বিক্রয়, হস্তান্তর করা যাবে না।
অর্থাৎ, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর হলে, ঐ কোম্পানির স্পন্সর, পরিচালক বা বেনিফিশিয়ারি ওনার্সরা নভেম্বর থেকে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
হিসাব নিরীক্ষার জন্য প্রতিটি কোম্পানি সময় পায় ৪ মাস পর্যন্ত। এর পরবর্তী ১৪ দিনের মধ্যে হিসাবটি পর্ষদের সভায় পর্যালোচনা শেষে এসইসিতে পাঠাতে হয়।
সে হিসাবে নভেম্বর থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত পরিচালকরা শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ৪৬টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার রয়েছে। এর মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের বছর শেষ হবে ৩১ ডিসেম্বর।
এসইসির এই সিদ্ধান্তের ফলে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের শেয়ার কেনার ক্ষেত্রে এখন থেকেই কোনো বাধা রইল না।
এছাড়া এসব কোম্পানির বাইরেও অন্য কোনো কোম্পানির পরিচালকের ২ শতাংশের নিচে শেয়ার থাকলে তারাও এখন থেকে শেয়ার কিনতে পারবেন।
২২ নভেম্বর এসইসি নির্দেশ জারি করলেও ৭ ডিসেম্বর পর্যন্ত সংশি¬ষ্ট বিষয়ে কোনো গেজেট প্রকাশ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/১৩৫৭ ঘ.
bdnews24