সায়েদুল ইসলাম তালাত ও রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জারি করা আদেশ তাদেরই আরেকটি বিধির সঙ্গে ‘সাংঘর্ষিক’ হচ্ছে।
‘সাংঘর্ষিক’ এই বিধির কারণে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে- বলছেন বাজার সংশ্লিষ্টরা।
বিষয়টি নিয়ে এসইসি পড়েছে অস্বস্তিতে। মুখে এঁটেছে কুলুপ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এসইসির উচিত এর সুস্পষ্ট ব্যাখা দেওয়া।
এসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি নীতিমালার সঙ্গে আরেকটি সাংঘর্ষিক হচ্ছে। তাই যে কোনো একটিতে পরিবর্তন আনতে হবে।”
২২ নভেম্বর এক পরিপত্রে এসইসি নির্দেশনা জারি করে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এছাড়া প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ করে শেয়ার থাকতে হবে। আগামী ৬ মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
আবার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ ) বিধিমালা ১৯৯৫ এর ৪ এর ২ উপধারায় বলা হয়েছে, “কোন প্রতিষ্ঠানের স্পন্সর, পরিচালক, কর্মকর্তা, নিরীক্ষক, আইন উপদেষ্টা বা বেনিফিশিয়ারি ওনার্সরা কোম্পানির বার্ষিক হিসাব শেষের দিন থেকে, ঐ হিসাব পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্তভাবে বিবেচিত, গৃহীত বা অনুমোদিত হওয়ার তারিখ পর্যন্ত আলোচ্য কোম্পানির শেয়ার ক্রয়, বিক্রয়, হস্তান্তর বা গ্রহণ করতে পারবেন না।”
এছাড়াও ২০১০ সালের ২৩ মার্চ তারিখে জারি করা এক সংশোধনীতে এসইসি বিধিটিতে আরো যোগ করে, কোম্পানির হিসাব সমাপ্তির দুইমাস আগে থেকেই হিসাব চূড়ান্ত অনুমোদিত না হওয়া পর্যন্ত শেয়ার ক্রয়, বিক্রয়, হস্তান্তর করা যাবে না।
অর্থাৎ, কোন প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব সমাপ্তির তারিখ ৩১ ডিসেম্বর হলে, ঐ কোম্পানির স্পন্সর, পরিচালক বা বেনিফিশিয়ারি ওনার্সরা নভেম্বর থেকে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।
হিসাব নিরীক্ষার জন্য প্রতিটি কোম্পানি সময় পায় ৪ মাস পর্যন্ত। এর পরবর্তী ১৪ দিনের মধ্যে হিসাবটি পর্ষদের সভায় পর্যালোচনা শেষে এসইসিতে পাঠাতে হয়।
সে হিসাবে নভেম্বর থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত পরিচালকরা শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ৪৬টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার রয়েছে। এর মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের বছর শেষ হবে ৩১ ডিসেম্বর। ফলে এসব প্রতিষ্ঠানের স্পন্সর পরিচালকরা শেয়ার কেনার জন্যে হাতে সময় পাচ্ছেন মাত্র ১৫ দিন।
৩০ শতাংশের নিচে ধারণ করা অন্যতম প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেডের পরিচালক মীর নাসির হোসেন বলেন, “আসলে আমাদের কী করতে হবে সে বিষয়ে সব আইনের দিকগুলো বিবেচনা করে এসইসির স্পষ্টীকরণ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কারণ পুরো বিষয়টি নিয়েই আমরা বিভ্রান্তিতে রয়েছি।”
গত ২২ নভেম্বর এসইসি নির্দেশ জারি করলেও ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কোনো গেজেট প্রকাশ করা হয়নি। এসইসির পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আর এতে বাজারে নতুন করে অস্থিরতার সৃষ্টি হচ্ছে বলে বিনিয়োগকারীরা মনে করছেন।
মিরাজ মওলা চৌধুরী নামের একজন বিনিয়োগকারী বলেন, “এই সমস্যার কারণে নির্দেশনা সত্ত্বেও উদ্যোক্তা পরিচালকরা এখনো শেয়ার কিনছেন না। ফলে বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এই কারণে এতসব প্রণোদনা ঘোষণা করা সত্ত্বেও বাজারে তার সুফল পড়ছে না।”
এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, “এক্ষেত্রে দুটো উপায় রয়েছে। আগের গাইডলাইনটি সংশোধন করা যেতে পারে। অথবা শেয়ার ধারণের জন্য সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া যেতে পারে।
“তবে আমি মনে করি, আগের নীতিমালাটি সংশোধন করা ঠিক হবে না। কারণ এর সুযোগ নিয়ে অসদুপায় অবলম্বন করা হতে পারে। তাই আমার মনে হয়, ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য সময় ৬ মাসের পরিবর্তে ৯ মাস করা যেতে পারে।”
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, “আইন তো মানুষের জন্যেই। বাজারের স্বার্থেই উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কিনতে হবে। সেজন্যে দরকার হলে আইন পরিবর্তন করতে হবে। আমরা এসইসিকে এ জন্যে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। কিন্তু কোনভাবেই যেন আইনের এই নিয়মের বেড়াজালে যেন বিষয়টি আটকে না যায়। ”
গত ৩০ নভেম্বর এফবিসিসিআইয়ের পুঁজিবাজার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সুপারিশ করা হয়, নির্দিষ্ট সময়ে শেয়ার কেনা-বেচা করা যাবে না বলে আগের যে বিধিটি রয়েছে, তা শিথিল করা হোক।
এই বিষয়ে জানতে চাইলে এসইসি চেয়ারম্যান মো. খায়রুল হোসেন কোন কথা বলতে রাজি না হয়ে তিনি কমিশনের সদস্য আরিফ খানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে আরিফ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাতে রাজি হননি। তিনি বলেন, “সদস্যদের প্রেসের সঙ্গে কথা বলার নিষেধাজ্ঞা রয়েছে।”
চেয়ারম্যানের অনুমতির কথা জানালে তিনি বলেন, “তাহলেও আমি কোনো বক্তব্য দিতে পারছি না।”
কমিশনের মুখপাত্র এম. সাইফুর রহমান বলেন, “এ বিষয়টি সম্পর্কে কমিশন অবহিত রয়েছে। আমার ধারণা, সমস্যা মনে করলে কমিশন অবশ্যই এক্ষেত্রে ব্যবস্থা নেবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/পিডি/২০২২ ঘ.
bdnews24