সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
লন্ডন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশি স্টক ব্রোকারদের নিয়ে লন্ডনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট মেলার আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া কোম্পানি কারি লাইফ ইভেন্টসের আয়োজনে আগামী বছরের ১৫ থেকে ১৭ এপ্রিল পূর্ব লন্ডনে এই মেলা হবে।
গত মার্চেও প্রতিষ্ঠানটি শেয়ারবাজার মেলার আয়োজন করেছিল। বাংলাদেশের ২৪টি কোম্পানি মেলায় অংশ নিয়ে প্রায় এক হাজার প্রবাসী বিও একাউন্ট খোলে।
বাংলাদেশের পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও বিদেশি বিনিয়োগ আরো বাড়ানোর সুযোগ করে দিয়ে বুধবার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
ঘোষণায় বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অ-নিবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং বিদেশি তহবিল বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রবাসীদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের সব তথ্য ও সুবিধাদি পৌঁছে দেওয়ার লক্ষ্যে কারি লাইফ ইভেন্টস এই মেলার উদ্যোগ নিয়েছে।
তার আশা করছে, দেশের শীর্ষস্থানীয় স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান লন্ডনের এই মেলায় অংশ নেবে।
এই মেলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য +৪৪ (০)২০ ৭২৪৭ ২৫২৫ ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।www.capitalmarketfair.co.uk ওয়েবসাইটে এ বিষয়ক তথ্য পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএস/এসইউ/১৭৫৬ ঘ.
bdnews24