ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রণ সংস্থা এসইসির নতুন পদক্ষেপগুলোকে যুগান্তকারী আখ্যায়িত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্যাকেজের ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিএসই সভাপতি শাকিল বলেন, “এসইসি সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হলে তা বাজারের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।”
পুঁজিবাজার প্যাকেজে ঘোষণা করা হয়েছে, শেয়ার ব্যবসায় নিয়োজিত ব্যাংক এর সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে ব্যাংক প্রদত্ত মূলধন ওই ব্যাংকের ‘এক্সপোজার টু ক্যাপিটাল’ হিসাবে গণ্য হবে না। এছাড়া কোনো কোম্পানির শেয়ারে ব্যাংকের দীর্ঘমেয়াদী ইক্যুইটি ইনভেস্টমেন্ট ওই ব্যাংকের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাবেও গণ্য হবে না।
এ দুটি পদক্ষেপের বিষয়ে শাকিল রিজভী বলেন, “ব্যাংকগুলোর জন্য যেসব ছাড় দেওয়া হয়েছে, তার ফলে ব্যাংকগুলোর ন্যূনতম আরো কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগযোগ্য হবে।”
স্বল্প মেয়াদি পদক্ষেপের মধ্যে প্যাকেজে রয়েছে, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ উদ্ভূত কোনো ক্ষতির জন্যে প্রভিশন সংরক্ষণের ক্ষেত্রে মুনাফা/লোকসান নেট অফ করে প্রভিশন সংরক্ষণ করা যাবে। আগে শুধু লসকে বিবেচনায় নেয়া হতো।
“এর ফলে ব্যাংকগুলোর লভ্যাংশ দেওয়ার ক্ষমতা বেড়ে গেল,” বলেন ডিএসই সভাপতি।
স্বল্প মেয়াদি পদক্ষেপের মধ্যে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে দ্রুত প্রেরণের অনুমতি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি প্রাতিষ্ঠানিক এবং অনিবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে শাকিল রিজভী বলেন, “এর আগে বিদেশি ব্রোকারেজ ফার্মের কমিশন বাইরে পাঠানো যেত না। যার ফলে বাইরের ব্রোকারেজ হাউজগুলো বিনিয়োগকারী আনতো না। এখন প্রচুর বিদেশি বিনিয়োগ আসার সুযোগ হল।”
উদ্যোক্তা পরিচালকদের ধারণ করা শেয়ার ন্যূনতম ৩০ শতাংশ করার সিদ্ধান্তে পরিচালকদের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এমআই/১৯৫০ ঘ.
bdnews24