ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৯টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিভিন্ন অভিযোগে তাদের শুনানিতে ডাকা হয়েছে।
লেনদেন চলার সময় মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে, এরকম বোর্ড মিটিং করায় এদের মধ্যে প্রভাতী ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সেক্রেটারি ও পরিচালদের নোটিশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ে মূল্য সংবেদনশীল তথ্য ঘোষণা না দেওয়ায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে নোটিশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ার বিক্রি শেষ করার ঘোষণা না দেওয়ায় প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের পরিচালক মিজানুর রহমান, স্যোসাল ইসলামী লাইফ ইন্সুরেন্সের পরিচালক নার্গিন মান্নান, গালিব মান্নান, রেশমী মান্নান সিদ্দীকি ও এম এ মান্নান এবং আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক এম এম আমজাদ হোসেনকে নোটিশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়সীমার মধ্যে শেয়ার বিক্রি বা কেনা শেষ করার ঘোষণা না দেওয়ায় বিডি ফাইন্যান্স এর পরিচালক এহতেশামুর রহমান, আইএলএফএসএল এর পরিচালক রোজী আহমেদ, ইসলামী ব্যাংকের পরিচালক প্রতিষ্ঠান ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো, প্রাইম ইন্সুরেন্সের পরিচালক মো. শফিকুর রহমানকে নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার ডিএসই ওয়েবসাইটে এসব নোটিশ জারির ঘোষণা দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/২০০১ঘ.
bdnews24