ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নানা উদ্যোগের পর লেনদেন বেড়েছে।
মঙ্গলবার দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ডিএসইতে হাতবদল হয়েছে ৮০২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হয় ৫১৯ কোটি টাকা। ৮০০ কোটি টাকার ওপরে সর্বশেষ লেনদেন হয়েছিল ২ আগস্ট। সেদিন হাতবদল হয়েছিল ৮৮২ কোটি টাকার।
মঙ্গলবার লেনদেন শুরুর পর ৫ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ১৯৪ পয়েন্ট বাড়ে। দুপুর আড়াইটায় সাধারণ সূচক ৩০০ পয়েন্ট ছিল। লেনদেনের শেষের দিকে সূচক কিছুটা কমে। দিনশেষে সাধারণ সূচক ২৭৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯৬ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
হাতবদল হওয়া মিউচুয়াল ফান্ড ও শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৫০টির ও কমেছে ৮টির।
লেনদেনে চাঙ্গাভাব নিয়ে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ন্ত্রক সংস্থা এসইসি এবং সরকারের সর্বোচ্চ মহল থেকে পুঁজিবাজার স্থিতিশীল করার উদ্যোগ নেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছে। নতুন করে অনেকে বিনিয়োগ করছে। এ কারণে বাজারে লেনদেন বাড়ছে।”
বাজার স্থিতিশীল হবে এমন আশা করে তিনি বলেন, “দায়িত্বশীল জায়গা থেকে পুঁজিবাজার সম্পর্কে কোনো ধরণের নেতিবাচক কথা বা সিদ্ধান্ত গ্রহণ করা যাতে না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে।”
দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর পুজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকের খবরে বুধবার থেকেই পুঁজিবাজারের ইতিবাচক ধারা দেখা দেয়। বুধবার রাতে পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে।
বাজার সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ধারাবাহিকতায় রোববার বৈঠক করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বৈঠক শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণার করা বলা হয়।
সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসইসি সদস্য হেলালউদ্দিন নিজামী জানান, মঙ্গলবারই এই ‘প্রণোদনা প্যাকেজ’ ঘোষণা করা হতে পারে।
একই দিন এনবিআর এক ব্যাখ্যায় জানায়, পুজিবাজারে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগ করলে কোনো প্রশ্ন তোলা হবে না।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখার বাধ্যবাধকতা আরোপ করাসহ বেশকিছু প্রস্তাব রাখা হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি এ প্রস্তাব গ্রহণ করলে অনেক উদ্যোক্তা পরিচালককে আগামী ছয় মাসের মধ্যে বর্তমান বাজার মূল্যে আরো শেয়ার কিনতে হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অনুমোদনের জন্য প্রস্তাবগুলো রাতেই এসইসি চেয়ারম্যান বরাবর ফ্যাক্স করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24