২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর প্রথম লেনদেনে ব্যাপক দরপতন

ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। সূচক কমেছে, পাশাপাশি লেনদেনের পরিমানও ছিল কম। নয়দিন ছুটির পর প্রথম দিনের লেনদেন শেষে রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬৬ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৪২ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ২৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২৪৪ পয়েন্টে। ঈদের আগে শেষ কর্মদিবসে গত ৩ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে প্রায় তিন বছর আগের অবস্থায় পৌঁছে। ওইদিন লেনদেন হয়েছিল ১৮১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। এর আগে ৩১ অক্টোবর ডিএসই সাধারণ সূচক কমে প্রায় দুই বছর আগের অবস্থায় চলে আসে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকার। লেনদেন কম হওয়ার কারণ জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস একেবারেই নেই। তবে একটা পর্যায়ে আত্মবিশ্বাস আসবেই। এজন্য হয়তো একটু ধৈর্য্য ধরতে হবে।" প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সচল হচ্ছে না বলে সাধারণ বিনিয়োগকারীরা যে অভিযোগ করছে সে বিষয়ে তিনি বলেন, "এখন যারা কিনছে তারা সবাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।" রোববার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ২৩২টির। বদলায়নি ৪টির দাম। আব্দুল লতিফ নামে এক বিনিয়োগকারী বলেন, "আমরা আশা করেছিলাম ঈদের ছুটির পরে বাজারে চাঙ্গাভাব থাকবে। কিন্তু প্রথম দিনেই আমাদের হতাশ করেছে।" ডিএসই জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে, ২০১০ সালে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমান ছিল ১ হাজার ৬৪৩ কোটি টাকা। ২০১১ সালে তা কমতে থাকে। গত সেপ্টেম্বর মাসে দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৩৫২ কোটি টাকায়। অক্টোবরে তা দাঁড়িয়েছে ৩৩৩ কোটি টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯১২ ঘ.