২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দিন পর লেনদেন শুরু হচ্ছে পুঁজিবাজারে

ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার লেনদেন শুরু হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার লেনদেন শুরু হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। ঈদের আগে শেষ কর্মদিবসে গত ৩ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে প্রায় তিন বছর আগের অবস্থায় পৌঁছে। এর আগে ৩০ অক্টোবর ডিএসই সাধারণ সূচক কমে প্রায় দুই বছর আগের অবস্থায় চলে আসে। ঈদের পরে বাজারে ধীরে ধীরে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ। শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধীরে ধীরে অ্যাকটিভ হচ্ছে। দায়িত্বশীল জায়গা থেকে কোনো ধরণের নেতিবাচক কথা বা সিদ্ধান্ত না এলে বাজারে স্থিতিশীলতা আসবে বলে আশা করছি।" "তবে হঠাৎ করেই বাজারের সূচক অনেক বেড়ে যাবে এটা ভাবা ঠিক হবে না," বলেন তিনি। ঈদের ছুটির পরে পুঁজিবাজার কেমন হবে জানতে চাওয়া হলে ডিএসই জেষ্ঠ্য সহ-সভাপতি আহসানুল ইসলাম বলেন, "খুব আতংকিত হওয়ার মতো কিছু নেই, আবার নেতিবাচক কিছুও দেখছি না।" গত ডিসেম্বর থেকে শুরু হওয়া দরপতনের ধারা থেকে পুঁজিবাজারকে বের করতে বিভিন্ন পক্ষের দাবির মুখে গত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এতে এক মাস চাঙ্গাভাব থাকলেও জুলাইয়ের শেষ দিকে আবার নিুমুখী ধারা শুরু হয় দেশের দুই পুঁজিবাজার। তিন মাসে ডিএসই সূচক কমে ১ হাজার ৫০০ পয়েন্টের মতো। ঈদের আগে শেষ কর্মদিবসে ডিএসইর সাধারণ সূচক দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ২০৮ দশমিক ৯৬ পয়েন্টে নেমে আসে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৪৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৫০২ পয়েন্ট। বাজারের এই পরিস্থিতিতে গত সোমবার সংবাদ সম্মেলন করে ব্যাংকগুলোকে পুঁজিবাজারে সর্বোচ্চ বিনিয়োগে বাধ্য করার দাবি জানায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ৬ ডিসেম্বরের মধ্যে এ দাবি মানা না হলে ৭ ডিসেম্বর মহাসমাবেশ করারও ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৯৩৫ ঘ.