সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগের পরও দেশের পুঁজিবাজারে দরপতনের যৌক্তিকতা দেখছেন না বাজার বিশ্লেষকরা। তবে তারা মনে করছেন, যেসব উদ্যোগ এসেছে, সেগুলোর সুফল পেতে কিছুটা সময় দিতে হবে।
গত দুটি সপ্তাহ দরপতনের পর ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা অনশনে বসলে সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনার ঘোষণা আসে। নতুন তহবিল গঠনের ঘোষণা নিয়ে এগিয়ে আসেন ব্যাংকাররাও। এরপরও চলতি সপ্তাহের পাঁচ কর্মদিবসে সূচক বেড়েছে মাত্র একদিন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৮ পয়েন্ট হয়েছে। অথচ সপ্তাহের প্রথম দিন রোববারও সূচক ছিল ৫ হাজার ৬৫৪ পয়েন্টে। এই এক সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। কমেছে লেনদেনের পরিমাণও।
বাজার স্থিতিশীল হচ্ছে না কেন- এ প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ মীর্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন বাজার পতনের কোনো যৌক্তিক কারণ নেই। একমাত্র বিনিয়োগকারীরাই বলতে পারবেন, কেন তারা ক্ষতি শিকার করে হলেও শেয়ার বিক্রি করছেন।"
তিনি বলেন, "বিনিয়োগকারীদের সব দাবিই সরকার ও বাংলাদেশ ব্যাংক মেনে নিয়েছে। বেশিরভাগ শেয়ারই কেনার উপযোগী পর্যায়ে রয়েছে। এখন তো আর আস্থা সঙ্কট থাকা উচিৎ নয়। সুতরাং বাজার পতনেরও কোনো কারণ দেখতে পাচ্ছি না।"
বাজারের পতন আর বিনিয়োগকারীদের দাবির মুখে গত একমাসে বেশ কিছু বিধিবিধান শিথিল করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোর দেওয়া ঋণের পরিমাণ নির্ধারিত সীমায় নামিয়ে আনার সময় আগামী বছর ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। প্রয়োজনে মার্জিন ঋণের শর্ত শিথিল করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে গত সপ্তাহেই পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগের ঘোষণা দেন বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীরা। এছাড়া 'স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন তহবিল' নামে একটি মিউচুয়াল ফান্ড গঠনের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
এমন ঘোষণায় গত বৃহস্পতি ও রোববার ডিএসইর সাধারণ সূচক ৩৯৫ পয়েন্ট বাড়লেও সোমবার ১৮০ পয়েন্ট পড়ে যায়। ব্যাংকগুলো সত্যিই বিনিয়োগ বাড়িয়েছে কি না- তা নিয়ে প্রশ্ন তোলেন হতাশ বিনিয়োগকারীরা।
এই মুহূর্তে সরকারের করণীয় প্রসঙ্গে মীর্জা আজিজুল ইসলাম বলেন, "সবার আগে সরকারের দেখা দরকার, এতোসব উদ্যোগের পরেও বাজার পতনের বিষয়ে কোনো মহলের কারসাজি রয়েছে কি না?"
"বিএবির তহবিল, বাংলাদেশ ফান্ড- ইত্যাদি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া সরকার কিছু নতুন শেয়ার বাজারে আনতে পারে। তাহলে বাজারে শেয়ার ও সূচক দুটোই বাড়বে। সাধারণ বিনিয়োগকারীরা তো সূচক বাড়া-কমা দেখেই বাজারে আসেন", যোগ করেন এই অর্থনীতিবিদ।
অবশ্য বিনিয়োগকারীদের দাবি, ব্যাংকাররা বিনিয়োগের যেসব ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ী কাজ হচ্ছে না। এ কারণে পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না। এই অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বৃহস্পতিবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তারা
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী বলেন, "সরকারের, ব্যাংকগুলোর নানা উদ্যোগের কথা শুধু কাগজে কলমেই রয়েছে। বাস্তবে তার কোনো প্রমাণ নেই। তারা বিনিয়োগের যেসব আশ্বাস দিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলেই বাজার ঠিক হবে।"
এই অভিযাগের জবাবে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নজরুল ইসলাম মজুমদার বলছেন, তারা ইতোমধ্যে বিনিয়োগ করতে শুরু করেছেন।
"আমি এবং অন্য ব্যাংকাররা- আমরা সবাই ঘোষণা অনুযায়ী শেয়ার কিনছি। কিন্তু একদিনেই তো আমরা সব শেয়ার কিনে নিতে পারব না। প্রতিদিনই আমাদের সদস্যরা কিছু কিছু করে কিনছেন।"
কিন্তু কোনো কোনো ব্যাংক এই পরিস্থিতিতেও শেয়ার বিক্রি করছে- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, "কেউ যখন কিনবে, তখন তো বিক্রিও করতে পারে। এটাই তো শেয়ার বাজারের নিয়ম। এভাবেই আস্তে আস্তে বাজার ঠিক হয়ে যাবে।"
'একদিনেই বাজারের সূচক লাফিয়ে উঠে যাবে না' উল্লেখ করে নজরুল বলেন, "তাহলে তো আবার লাফিয়ে পাতালেও পড়ে যেতে পারে।"
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ মনে করেন, নানা উদ্যোগের পরও বাজারে তারল্য সঙ্কট রয়ে গেছে। এজন্য নতুন শেয়ার আর তহবিল প্রয়োজন।
"অনেক বিনিয়োগকারীই আগে নেওয়া ঋণের অর্থ ফেরত দিতে না পেরে আটকে রয়েছেন। ফলে তারা কেনাবেচা করতে পারছেন না। নতুন ফান্ড আনতে পারলে তারল্য সঙ্কট অনেকটাই কেটে যাবে।"
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ফখরউদ্দিনের পরামর্শ, "অনেক উদ্যোগ এসেছে। সেগুলো বাস্তবায়নে একটু সময় দিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৯২৯ ঘ.
bdnews24