ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ানোর ঘোষণা নিয়ে এগিয়ে এলেও সপ্তাহের দ্বিতীয় দিনে ফের দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার লেনদেন শেষে ৩টা ১ মিনিটে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৪৭৩ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ২৪২টির। অপরিবর্তিত ছিল ১টির দর। লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে।
কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বানে এ সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন ব্যাংক নির্বাহীরা।
পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনেরও সিদ্ধান্ত জানায় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। রোববার দুপুরে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার এবিবির পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ওইদিনই ডিএসই সাধারণ সূচক বাড়ে ২৮৬ পয়েন্ট। এরপর রোববার বাড়ে আরো ১০৯ পয়েন্ট।
রোববার বিএবি চেযারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, "ব্যাংকগুলো মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। বিনিয়োগ করার বিষয়ে গভর্নর সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন। অনেকে বিনিয়োগ শুরু করে দিয়েছে। মার্কেট খারাপ হওয়ার কোনো আশঙ্কা নেই।"
সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রধম আধা ঘণ্টা ওঠানামর মধ্যে দিয়ে এগোতে থাকে সূচক। ১১টা ৩১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৬৫২ পয়েন্ট। এরপর শুরু হয় পতন।
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ১২টা ১ মিনিটে সূচক কমে হয় ৫ হাজার ৬০২ পয়েন্ট। দুই ঘণ্টার লেনদেন শেষে বেলা ১টা ১ মিনিটে সূচক আরো কমে ৫ হাজার ৫৬১ পয়েন্টে নেমে আসে। আর ২টা ১ মিনিটে তা আরো কমে ৫ হাজার ৫০১ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১১১৪ ঘ.
bdnews24