ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের বিনিয়োগ বাড়াতে শুরু করায় দুদিন চাঙ্গা থাকলেও সপ্তাহের দ্বিতীয় দিনে প্রথম ঘণ্টায় সূচক কমেছে।
সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ১২টা ১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৬০২ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছ ১৯২টির। অপরিবর্তিত ছিল ৫টির দর। লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।
এর আগে প্রধম আধার ঘণ্টার লেনদেনে ব্যাপক ওঠানামর মধ্যে দিয়ে এগোতে থাকে সূচক। ১১টা ৩১ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ আগের দিনের চেয়ে সূচক ১ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৬৫২ পয়েন্ট।
টানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা আন্দোলন শুরু করলে গত সপ্তাহের শুরুতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক চলে। নানা প্রণোদনার ঘোষণাও আসতে শুরু করে।
কিন্তু তারপরও বাজার চাঙ্গা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বানে এ সপ্তাহ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেন ব্যাংক নির্বাহীরা।
পাশাপাশি পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনেরও সিদ্ধান্ত জানায় বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। রোববার দুপুরে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার এবিবির পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ওইদিনই ডিএসই সাধারণ সূচক বাড়ে ২৮৬ পয়েন্ট। এরপর রোববার বাড়ে আরো ১০৯ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১২১৬ ঘ.
bdnews24