২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসইতে চালু হলো এনজিটি সফটওয়্যার

ব্রোকারেজ হাউজে না গিয়ে ঘরে বসে অথবা মোবাইল ফোনে ট্রেডিং উপযোগী একটি সফটওয়্যার চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 08:35 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রোকারেজ হাউজে না গিয়ে ঘরে বসে অথবা মোবাইল ফোনে ট্রেডিং উপযোগী একটি সফটওয়্যার চালু করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বৃহস্পতিবার সকাল ১১টায় সিএসই সম্মেলন কক্ষে 'নেক্সট জেনারেশন ট্রেডিং সফটওয়্যার' (এনজিটিএস) এর উদ্বোধন করেন সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ। পরে তিনি বলেন, দ্রুত গতিসম্পন্ন এই ট্রেডিং সফটওয়্যারটির মাধ্যমে আশা করছি ভালো সেবা দেওয়া সম্ভব হবে। এটি চালু হওয়ায় একজন ট্রেডারকে ব্রোকারেজ হাউজেও যেতে হবে না। ঘরে বসে এমনকি মোবাইল ফোনের মাধ্যমেও ট্রেডিং সুবিধা নিতে পারবেন। সার্ভিল্যান্স সফটওয়্যার থাকায় কোনো ধরনের ম্যানুপুলেশনের সুযোগ থাকবে না বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, মিলিনিয়াম আইটি (এমআইটি) ও পোলারিস নামে দুটি প্রতিষ্ঠান এ সফটওয়্যারটি তৈরি করেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসই'র সহ-সভাপতি আল মারুফ খান, একিউআই চৌধুরী ও তারেক কামাল। এদিকে এনজিটিএস উদ্বোধনের পর পরই সিএসই'র সামনে বিক্ষোভ করে চট্টগ্রামের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠন 'ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং'। তবে পুলিশি বাধায় তারা সিএসই কার্যালয়ে ঢুকতে পারেননি। পরে ফোরামের সভাপতি আসলাম মোরশেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসই সভাপতির সঙ্গে দেখা করেন। ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর ফোর্স সেলিংয়ের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ দিতে পারলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া ও দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিএসই সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৪২৯ ঘ.