চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা।
ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং-এর ব্যানারে অর্ধশতাধিক বিনিয়োগকারী বৃহস্পতিবার বেরা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সামনের সড়কে এই কর্মসূচি পালন করে।
মানবন্ধন শেষে এক সমাবেশে ফোরামের নেতারা বলেন, পুঁজিবাজার স্থিতিশীল করতে স¤প্রতি বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড ও এসইসি কিছু সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।
এসব সিদ্ধান্তের বিষয়ে দ্রুত সার্কুলার জারির নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।
টানা কয়েকদিন দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি বাজার স্থিতিশীল করতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকের পর এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ঘোষণা দেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর ও ব্রোকারেজ কমিশনে উৎসে আয়কর কমানো হচ্ছে।
পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা হবে না বলেও তিনি জানান। এরপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বৈঠক করে এসইসি।
ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং-এর আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) বাজারের অবস্থা কিছুটা ভাল। কিন্তু একে স্থায়ী রূপ দিতে হবে। আজ ভাল আবার আগামীকাল খুব খারাপ- এভাবে তো বাজার চলতে পারে না।
সমাবেশ থেকে অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক গর্ভনরের পদত্যাগ; ব্যাংকের সুদ হার কমানো এবং পুঁজিবাজার থেকে ব্যাংকগুলোর অর্জিত মুনাফা বাজারে পুনঃবিনিয়োগে বাধ্য করার দাবি জানান বিনিয়োগকারীরা।
পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে সরকারের মন্ত্রী, উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করেন ফোরামের নেতারা।
অন্যদের মধ্যে ফোরামের যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের ও খোরশেদ আলম মিলন বক্তব্য রাখেন।
পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে বৃহস্পতিবার ঢাকাতেও মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২০৫১ ঘ.
bdnews24