ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরও চারটি কোম্পানি।
কোম্পানিগুলো হলো, ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, তাদের শেয়ারের অভিহিত মুল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করা হবে।
ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫০টির পরিবর্তে ২৫০টির, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫০টির পরিবর্তে ১০০টির, ফ্যাস ফাইন্যান্স ৫০টির পরিবর্তে ৫০০টির এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স ৫০টির পরিবর্তে ২০০টির সমন্বয়ে বাজার লট করবে।
অভিহিত মূল্য পরিবর্তন ও নতুন করে বাজার গড়ার বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার জন্য অতিরিক্ত সাধারণ সভাও (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/ ১৬০১ ঘ.
bdnews24