রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজারে টানা দরপতন চললেও বস্ত্রখাতের তাল্লু স্পিfvনিংয়ের শেয়ারের দাম বেড়েই চলেছে। এক মাসে দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া তথ্যনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর ডিএসইতে তাল্লু স্পিনিংয়ের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৫৮৪ টাকা ৫০ পয়সা। ৫ অক্টোবর তা বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ৮৩০ টাকায়।
অর্থাৎ গত এক মাসে ১৯ কার্যদিবসের লেনদেনে তাল্লু স্পিনিংয়ের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ২৪৫ টাকা ৫০ পয়সা বা ৪২ শতাংশ।
এ সময়ের মধ্যে কোম্পানিটি মূল্য সংবেদনশীল কোনও তথ্য প্রকাশ করেনি।
গত এক মাসে ডিএসই সাধারণ সূচক ৩৫২ দশমিক ৫১ পয়েন্ট বা ৫ দশমিক ৮০ শতাংশ কমেছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব শেয়ার নিয়ে আমি কিছু বলতে চাই না। কিছু শেয়ার থাকে যা নিয়ে সবসময়ই 'জুয়ারিরা' খেলা করে।"
তাল্লু স্পিনিংয়ের শেয়ারের বর্তমান মূল্য আয়ের অনুপাত (পিই) দাঁড়িয়েছে ১৪২ দশমিক ৭৮।
এর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও শেয়ারের প্রত্যাশিত পিই ১৫। তাপরও ২০ পর্যন্ত টলারেবল। কিন্তু এর বেশি হলেই সেটা ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত।"
পিই রেশিও ৪০ ছাড়িয়ে গেলে অতিমূল্যায়িত বিবেচনায় সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে ঋণ সুবিধা দেওয়া হয় না।
'অতিমূল্যায়িত' তাল্লু স্পিনিংয়ের শেয়ার কেনা ও ধরে রাখার জন্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুকের একটি পেইজে পরামর্শ দেওয়া হচ্ছে। 'বিডি ক্যাপিটাল মার্কেট' নামের এই ফ্যান পেইজ 'লাইক' করেছেন ২৯০৫ জন।
বুধবার বিডি ক্যাপিটাল মার্কেটের 'অ্যাডমিন' লিখেছেন, "তাল্লু স্পিনিংয়ের টান তো শুরু হয়ে গেল। এনজয় করেন আর প্রফিট কাউন্ট করেন। ১২০০ টাকার আগে সেল করবো না।"
"১১ তারিখের মধ্যে তাল্লু স্পিনিংয়ের বিক্রেতা আউট করে দেবো কনফার্ম। অবশ্যই ধরে রাখেন (মাস্ট হোল্ড)। বিক্রি করলে শেয়ার আর ধরা যাবে না।"
প্রশাসকের এসব কথার উত্তরে পেইজে নেওয়াজ কামাল নামে একজন লিখেছেন, "বস, তাল্লু স্পিনিংয়ের কি ম্যাজিক দেখাচ্ছেন? সত্যি আপনি সুপার।"
'অস্বাভাবিক' দাম বাড়ার কারণে গত বছরের ২৩ নভেম্বর তাল্লু স্পিনিংয়ের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করে দেয় এসইসি। গত এক বছরের মধ্যে তাল্লু স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৬২ থেকে ১ হাজার ২৭৩ টাকা ৭৫ পয়সা পর্যন্ত।
সর্বশেষ দেওয়া ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বস্ত্র খাতের তালিকাভূক্ত তাল্লু স্পিপিং গত বছরের লোকসান কাটিয়ে মুনাফার মুখ দেখেছে।
জুলাই ২০১০ থেকে মার্চ ২০১১ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটি মুনাফা করেছে প্রায় ৮১ লাখ টাকা। তার আগের বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৪১ লাখ টাকা।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত এ কোম্পানিটি ২০০৭ সাল থেকে পরপর তিন বছর লোকসানে থাকার পর ২০১০ সালে লাভজনক অবস্থায় ফিরে আসে।
তিন বছর পর ২০১০ সালের নভেম্বরে লভ্যাংশ দিয়ে 'জেড' থেকে 'এ' ক্যাটাগরির অর্ন্তভূক্ত হয় তাল্লু স্পিনিং।
১৮ কোটি ৬০ লাখ টাকা পরিশোধিত মূল্যের কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ৮৯২টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫৩ দশমিক ৭৪ শতাংশ। ২৪ দশমিক ৫০ শতাংশ ইন্সটিটিউট ও ১২ দশমিক ৬৭ শতাংশ রয়েছে পাবলিকের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪০ ঘ.
bdnews24