ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ডাচ-বাংলা ব্যাংক, সমরিতা হাসপাতাল, রেনউইক যজ্ঞেশ্বর, ইবনে সিনা ও বিডি থাই অ্যালুমিনিয়াম।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, এসইসির নির্দেশনা অনুযায়ী তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার বদলে ১০ টাকা করা হবে। এ বিষয়ে অনুমোদনের জন্য অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
ডাচ বাংলা মার্কেট লট ৫০টির বদলে ৫০০টির হবে। ইজিএম ২৪ নভেম্বর সকাল ১০টায়, ১ দিলখুশা বাণিজ্যিক এলাকার ব্যাংকের ট্রেনিং শাখায় অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২৭ অক্টোবর।
শমরিতা হাসপাতালের মার্কেট লট ৫০টির বদলে ১০০টির হবে। ১৩ নভেম্বর বেলা সাড়ে ১০টায় পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ অক্টোবর।
ইবনে সিনার মার্কেট লট ১০টির বদলে ১০০টির হবে। ১৭ নভেম্বর বেলা ১০টায় রমনার ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৮ অক্টোবর।
বিডি থাই অ্যালুমিনিয়ামের মার্কেট লট ১০টির বদলে ৫০টির হবে। ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বনানি কমিউনিটি সেন্টারে ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৮ অক্টোবর।
রেনউইক যজ্ঞেশ্বরের মার্কেট লট ৫টির বদলে ৫০টির হবে। ইজিএম ১৭ নভেম্বর সকাল ১০টায়, কুষ্টিয়ার কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২৭ অক্টোবর।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭০৫ ঘ.
bdnews24