চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পুঁজিবাজার ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার সকালে সিএসই কার্যালয়ে 'ইমপ্র"ভমেন্ট অব ক্যাপিটাল মার্কেটস গভর্নেন্স প্রজেক্ট' শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন নিজামী।
এর আগে সিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালা আয়োজনের উদ্দেশ্য সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, "পুঁজি বাজারের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কমপ্লায়েন্স ও সার্ভিলেন্স বিষয়ে সুশিক্ষিত হলেই ব্রোকারেজ হাউজগুলোর স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা যাবে।"
তিনি জানান, কর্মশালায় সিএসই-এর ১৫ জন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন জন এবং সেন্টাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড'র (সিডিবিএল) দুই জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসই সহ-সভাপতি তারেক কামাল ও পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন।
কর্মশালার শেষ দিনে রোববার প্রশিক্ষণার্থীরা ব্রোকারেজ হাউজে গিয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেবেন এসইসি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কমিশনের (আইএসসি) পারমর্শক (কনসালট্যান্ট) স্টোলা ট্যাং ও ওয়ালি উল মারুফ মতিন এবং এসইসি-এর পরিচালক সাইফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/২১২৫ ঘ.
bdnews24