২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির সৈনিক আইনস্টাইন–তৃতীয় অধ্যায়

স্বপন কুমার গায়েন

Published : 27 Mar 2022, 11:02 PM

Updated : 22 Jul 2022, 02:49 AM


শান্তি আন্দোলন, সমঝোতার সন্ধান

প্রথম বিশ্বযুদ্ধে হতাহতের পরিসংখ্যান নিয়ে অনিশ্চয়তা এবং প্রশ্ন থাকলেও ইতিহাসের অন্যতম ভয়াবহ ও বিধ্বংসী যুদ্ধ হিসেবে তার স্থান নিয়ে কোন বিতর্ক নেই। যুদ্ধ ও যুদ্ধের কারণে ১৯১৪ থেকে ১৯১৮ সময়সীমায় সামরিক ও বেসামরিক মৃতের সংখ্যা ১৭ থেকে ২১ মিলিয়ন এবং আহত সৈন্য সংখ্যা ২২ থেকে ২৪ মিলিয়ন বলে বিশ্বাস করা হয়। মৃত্যু ও ধ্বংসের এ ভয়াবহতা স্বভাবতই সংবেদী মানুষকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলিতে শান্তি আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে, শান্তিবাদীদের পক্ষে জনসমর্থন বৃদ্ধি পেতে থাকে। আইনস্টাইন এসব আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন।

এসব শান্তি আন্দোলনের পুরোধা ছিলেন মূলত বুদ্ধিজীবীরা। ১৯১৯ সালের জুন মাসে রোমাঁ রোলাঁ এক আন্তর্জাতিক আবেদন প্রণয়ন করে সারা পৃথিবীর খ্যাতনামা বুদ্ধিজীবীদের স্বাক্ষর করার আহ্বান জানান। আবেদনের মূল বক্তব্য ছিল এরকম। যুদ্ধের পাঁচ বছরে যুদ্ধরত দেশগুলির "মস্তিষ্ক কর্মী" তথা বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। যুদ্ধের উন্মত্ততার মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদের জোয়ারে অনেক বুদ্ধিজীবী নিজ দেশের সমরযন্ত্রের পক্ষে কাজ করেছেন, বা করতে বাধ্য হয়েছেন। যুদ্ধশেষে বাধানিষেধের মাত্রা যখন কমে এসেছে তখন সমাজের সবচেয়ে সচেতন অংশের প্রতিভূ হিসেবে বুদ্ধিজীবীদের একত্রিত হয়ে এক বিশ্বভ্রাতৃত্বের বোধ গড়ে তুলতে হবে। জাতি, ধৰ্ম ও বর্ণের গণ্ডি থেকে বেরিয়ে এসে সব মানুষের জন্য কাজ করতে হবে। তাই মস্তিষ্ক কর্মীদের প্রতি তাঁর আকুল আবেদন: ১
আসুন আমরা মনকে এসব আপোষ, অসার জোট, আর পর্দা-ঢাকা দাসত্ব থেকে মুক্ত করি! মন কারো দাস নয়। আমরাই মনের দাস। আমাদের আর কোন প্ৰভূ নেই। আমরা থাকি তার আলো বহন করার জন্য, তার আলোকে বাঁচিয়ে রাখার জন্য, মানবতার বেপথু মেষদের সেই আলোকে ঘিরে সমাবেশ করার জন্য। আমাদের ভূমিকা, আমাদের কর্তব্য হচ্ছে স্থায়িত্বের কেন্দ্র হওয়া, উন্মাদনার ঘূর্ণিঝড়ের রাতে ধ্রুব নক্ষত্রের দিক নির্দেশ করা। সত্যকেই শুধু আমরা সম্মান করি। সেই সত্য যা মুক্ত, সীমাহীন, সীমানাহীন; যা জাতি ও বর্ণের পক্ষপাত জানে না।
সুইজারল্যান্ডে গরমের ছুটি কাটিয়ে বার্লিনে ফিরে আইনস্টাইন রোঁলার আবেদন কার্যকর করার অনুরোধ জানিয়ে দু'টি চিঠি অপেক্ষা করে আছে দেখতে পান। জার্মানীর পটসড্যামে উদারনৈতিক এক অধ্যাপককে ১৭ আগস্ট ১৯১৯ তারিখে তিনি লেখেন, " বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান তিক্ততা সম্পর্কে ভালোভাবে জানি বলেই এ সময়ে আন্তর্জাতিক পুনর্মিলনের জন্য এ ধরনের আবেদন সফল হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি না। আমি স্বাক্ষর করেছি, কারণ না করা আরো খারাপ হত। আমি নিশ্চিত, আবেদনটি তেমন কোন সাড়া জাগাবে না।" ১৯১৯ সালের শেষ নাগাদ বিভিন্ন দেশের ১৩৮ জন বুদ্ধিজীবী আবেদনে স্বাক্ষর করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের একজন।

যুদ্ধাপরাধ তদন্ত কমিশন
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সৈন্যদের আচরণ, বিশেষ করে বেলজিয়ামে তাদের ধ্বংস হত্যাকাণ্ড জার্মানীর বাইরে নিন্দা ও সমালোচনার ঝড় তুলেছিল। জার্মানীতে অবস্থা ছিল পুরোপুরি ভিন্ন। সাধারণ নাগরিক থেকে শুরু করে অনেক বুদ্ধিজীবীর ধারণা ছিল এসব অভিযোগ পক্ষপাতদুষ্ট ও অতিরঞ্জিত। আইনস্টাইন বিশ্বাস করতেন, "সত্যকে সম্পূর্ণরূপে অনাবৃত করা সম্ভব হলেই জাতিতে জাতিতে বিদ্যমান তীব্র ঘৃণা প্রশমিত হতে পারে।" ২
সমমনা আরো পাঁচজন সহযোগী নিয়ে আইনস্টাইন একটি যুদ্ধাপরাধ তদন্ত কমিশন গঠন করেন। কমিশন দেশের ভেতরকার এবং সম্ভব হলে বাইরের সরকারি নথিপত্র ব্যবহার করে জার্মান সৈন্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করবে, এবং তদন্তের ফলাফলের ওপর জার্মানীতে একটি রিপোর্ট প্রকাশ করবে। বাইরের তথ্য সংগ্রহ করা এবং কমিশনের মান্যতা বাড়ানোর জন্য নিরপেক্ষ দেশের সদস্য যোগ করার প্রয়োজন অনুভূত হয়। আইনস্টাইন কমিশনে যোগ দেয়ার অনুরোধ করে হল্যান্ডে লোরেন্টজকে চিঠি লেখেন এপ্রিল ২৬, ১৯১৯ তারিখে। লোরেন্টজ নিজে যদি দায়িত্ব গ্রহণ করতে না পারেন, তাহলে যোগ্য অন্য কারো নাম যেন সুপারিশ করেন। ২
লোরেন্টজ মে ৪, ১৯১৯ তারিখে জবাব দেন। কমিটির সদস্য হতে না চাইলেও সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ইংল্যান্ড, বেলজিয়াম এবং নিজ দেশ হল্যান্ডের সহকর্মীদের কমিশনের কাজে অংশ নেয়ার জন্য অনুরোধ করবেন বলে জানান। আইনস্টাইনকে পরামর্শ দেন কমিশনের কাজে জার্মান সরকার যেন বাগড়া না দিয়ে পূর্ণ সহযোগিতা করে সে ব্যবস্থা নিশ্চিত করার জন্য। কারণ জার্মান সরকার তদন্তে সাহায্য করতে গড়িমসি করছে জানলে বাইরের কেউ সহযোগিতা করতে আগ্রহী হবে না।

কমিশনের কাজ সহজ হয় নি। লোরেন্টজ ও আইনস্টাইনের তৎকালীন পত্রালাপ থেকে জানা যায় যে ফ্রান্স ও বেলজিয়ামের অনেক বুদ্ধিজীবী লোরেন্টজের অনুরোধে সাড়া দিয়ে কমিশনের কাজে সাহায্য করেন। তবে জার্মানীতে প্রকাশ্য এবং গোপন বিরোধিতা ছিল। এসবের মধ্য দিয়েও ফ্রান্সের লিলেতে জার্মান সৈন্যদের অত্যাচার ও নির্যাতনের ওপর কমিশন তার প্রথম রিপোর্ট প্রকাশ করে। আইনস্টাইন তখন সুইজারল্যান্ডে গরমের ছুটিতে ছিলেন। রিপোর্টটিতে অসঙ্গতি ও অপ্রাসঙ্গিতা ছিল এবং হল্যান্ড থেকে পাওয়া অনেক তথ্য ব্যবহার করা হয়নি। সংশোধন ও পরিবর্তনের পর প্রকাশিত নতুন রিপোর্টও তীব্র সমালোচনার মুখোমুখি হয়। জানুয়ারি ১২, ১৯২০ তারিখে আইনস্টাইন লোরেন্টজকে লেখেন, "নিতান্তই দুঃখজনক যে উচ্চ-সংস্কৃতির যাঁরা পুরোধা তাঁরাও সংকীর্ণ জাতীয়তাবাদের উপরে উঠতে পারেন না; এমনকি যখন ঠিক ও ভুলের প্রশ্ন আসে তখনো।"

তবে কমিশনের প্রয়াস পুরোপুরি ব্যর্থ হয়নি। মার্চ ১০, ১৯২০ তারিখে আইনস্টাইন লোরেন্টজকে আবার লেখেন, "আমি খুশি যে লিলের উপর পুস্তিকাটি আপনি অনুমোদন করতে পেরেছেন। এখানে এ সত্য ধীরে ধীরে স্বীকৃত হতে শুরু করেছে যে জার্মান সৈন্যরা বাড়াবাড়ি রকমের অত্যাচার করেছিল, আর জার্মানীর প্রতি ঘৃনা যুক্তিযুক্ত। তবে দুঃখজনক যে, যুদ্ধাপরাধীদের শাস্তি দেয়ার ব্যাপারটি আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হচ্ছে না। ন্যায়বিচার পাবার সন্তষ্টি ম্লান হয়ে আসে কারণ শুধুমাত্র জার্মান অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। যদিও জার্মান বন্দীদের ওপর ফরাসীরা অকথ্য অত্যাচার করেছে, তাদের কোন বিচার হচ্ছে না।"৩

আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের পরীক্ষাগত প্রমাণ,
আইনস্টাইনের খ্যাতির মহা বিস্ফোরণ

আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (General Theory of Relativity) অনুসারে দূর নক্ষত্র থেকে সূর্যের পাশ দিয়ে আসার সময় আলোকরশ্মির পথ ১.৭৮ আর্ক্-সেকেন্ড বেঁকে যাবার কথা। ডাচ জ্যোতিঃপদার্থবিজ্ঞানী উইলেম ডিসিটার আইনস্টাইনের সাধারণ তত্ত্বের গবেষণাপত্রটির একটি কপি পাঠিয়েছিলেন ইংল্যান্ডে কেমব্রিজ অবজারভেটরির পরিচালক আর্থার এডিংটনের কাছে। এডিংটন রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী স্যার ফ্রাঙ্ক ডাইসনকে জানান। সূর্যগ্রহণের সময় হায়াডস নক্ষত্রপুঞ্জ থেকে আগত আলোর বিসরণ পর্যবেক্ষণ করে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের পরীক্ষাভিত্তিক প্রমাণের আয়োজন করা হয়।
এডিংটন ছিলেন কোয়েকার মতবাদে বিশ্বাসী শান্তিবাদী। যুদ্ধে যোগ না দেয়ার জন্য জেলে যাবার আশঙ্কা তাঁর। ডাইসন কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হন যে জেলে না পাঠিয়ে, এডিংটনকে এই পরীক্ষাকর্মের নেতৃত্ব দিয়ে দেশ সেবা করার সুযোগ দেয়া উচিত কাজ হবে।
১৯১৯ সালের ২৯ মে তারিখের সূর্যগ্রহণ হবে পরীক্ষাটি করার প্রকৃষ্ট সময়। সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে বিচারে দুটি জায়গা বেছে নেয়া হয়। প্রথমটি ব্রাজিলের উত্তর সীমান্তে আমাজন জঙ্গলের ছোট্ট শহর সোবরাল। অপরটি আফ্রিকার আটলান্টিক উপকূলে ছোট্ট দ্বীপ প্রিন্সিপ। এডিংটন নিজে ছিলেন প্রিন্সিপ দলের সাথে। সূর্যগ্রহণের সময় হায়াডস নক্ষত্রপুঞ্জের তারাদের ছবি নেয়া হয়েছিল।

দুই অভিযাত্রী দলের তোলা ছবি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস সময় নেয়। ১৯১৯ সালের ২২শে সেপ্টেম্বর লোরেন্টজ আইনস্টাইনকে এক তারবার্তায় সুখবরটি পাঠান। আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় নভেম্বর ৬, ১৯১৯ তারিখে।
ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী বিজ্ঞানসংস্থা রয়্যাল সোসাইটি ও রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির যৌথ সভায় ডাইসন পরীক্ষার যন্ত্রপাতি, পদ্ধতি, ফটোগ্রাফ, ফলাফল নির্ধারণের গাণিতিক জটিলতা বিশদভাবে বর্ণনা করে সিদ্ধান্ত টানেন, "ফটোগ্রাফগুলি সুচারুভাবে পরীক্ষা করার পরে আমি বলতে প্রস্তুত, সেগুলি যে আইনস্টাইনের সিদ্ধান্তকে নিশ্চিত করে সে সম্বন্ধে কোন সন্দেহ থাকতে পারে না। […] সোবরাল ও প্রিন্সিপ অভিযানের ফলাফল কোন সন্দেহের অবকাশ রাখে না যে সূর্যের পাশ দিয়ে আসার সময় আলোকরশ্মির বিসরণ হয় এবং সেই বিসরণের পরিমান আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের নির্ণীত মানের সমান।"৪ নিউটনের মহাকর্ষ তত্ত্বের পরিবর্তন ও পরিবর্ধনের ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন বলে সন্দিগ্ধ মন্তব্যের জবাবে জে জে থমসন বলেন, "এ ফলাফল মানুষের চিন্তাশক্তির এক মহত্তম অর্জন।"

আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের পরীক্ষাগত প্রমাণের কথা ইউরোপ ও আমেরিকার সংবাদ মাধ্যম সমূহ বিশদভাবে প্রচার করে। লন্ডন টাইমস নভেম্বরের ৭ তারিখে সংবাদটি প্রকাশ করে তিন লাইনের শিরোনামে "বিজ্ঞানে বিপ্লব/ মহাবিশ্বের নতুন তত্ত্ব/ নিউটনীয় ধারণাসমূহ বিপর্যস্ত।" নিউইয়র্ক টাইমস নভেম্বর ৯ তারিখে "সূর্যগ্রহণ মাধ্যাকর্ষণের পরিবর্তন প্রদর্শন করে" শিরোনামে, প্রথম এবং পরের দিন "মহাকাশে সব আলো তীর্যক" শিরোনামে আরেকটি নিবন্ধ প্রকাশ করে। জার্মানীর সবচেয়ে জনপ্রিয় পত্রিকা Berliner Illustrirte ডিসেম্বর ১৪ সংখ্যার নামপত্রে আইনস্টাইনের ছবিসহ "পৃথিবীর ইতিহাসে এক নতুন দৈত্য: আলবার্ট আইনস্টাইন" শীর্ষক প্রবন্ধ প্রকাশ করলে আইনস্টাইন ওয়েমার প্রজাতন্ত্রের পাবলিক সেলিব্রিটি হয়ে ওঠেন। পৃথিবী জুড়ে অসংখ্য পত্রপত্রিকার প্রচ্ছদ অলংকৃত করে তাঁর ছবি। আপেক্ষিকতার তত্ত্বের আলোচনা ফ্যাশন হয়ে ওঠে।

যুদ্ধোত্তর পৃথিবীর ধ্বংস, মৃত্যু, হতাশা, দুর্ভিক্ষ ও মহামারীর প্রেক্ষাপটে মানুষের চিন্তাশক্তির এই মহান অর্জন মানুষের কল্পনা ও অনুভূতির জগতে আলোড়ন তোলে। এক জার্মান বিজ্ঞানীর দেয়া তত্ত্বের পরীক্ষাগত প্রমাণ করেন শত্রুদেশ ইংল্যান্ডের আরেক বিজ্ঞানী। একজন শান্তিবাদী ইহুদী, অপরজন কোয়েকার — যুদ্ধ যাঁর বিশ্বাস বিরোধী। ক'দিন আগেও যে দু'টি দেশ যুদ্ধ করেছে তাদের পক্ষে যে সহযোগিতা করা সম্ভব, এ যেন তার প্রকৃষ্ট প্রমাণ।
এতদিন আইনস্টাইনের অমূল্য অবদান বিজ্ঞানীমহলে সুবিদিত ছিল। আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের এ পরীক্ষাগত প্রমাণের পরে তিনি কিংবদন্তির নায়ক হয়ে ওঠেন। বিজ্ঞানের ধ্রুপদী সঙ্গীত শিল্পী যেন আরেক রূপ পেলেন সাধারণের "রক স্টার" হিসেবে । তাঁর প্রতিটি কথা ও কাজ তখন সংবাদ। খ্যাতি ও প্রশংসা আইনস্টাইনকে বিব্রত করেছে; কিন্তু তজ্জনিত প্রভাবকে তিনি ব্যবহার করেছেন মানবকল্যাণ ও শান্তির কাজে।

তাঁর সেই সব কাজের কিছু প্রতিনিধিত্বমূলক দৃষ্টান্ত তুলে ধরার আগে বলে নেয়া প্রয়োজন যে আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান অবিমিশ্র ছিল না। জার্মানীর সংকীর্ণ জাতীয়বাদী মহলে, এমনকি ডানপন্থী বিজ্ঞানীদের মধ্যে তাঁর প্রতি অভিযোগ ও অসূয়া ছিল। এ মহল তাঁকে ভালো জার্মান মনে করতো না, তাঁকে দেখত সুইস ইহুদী হিসেবে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় শক্তি, সম্পদ ও সংস্কৃতি গর্বে গর্বিত জার্মানরা মেনে নিতে পারে নি, স্বীকার করতে পারেনি তাদের যুদ্ধাপরাধ। "সভ্য পৃথিবীর প্রতি ইশতেহার" বাইরের পৃথিবীতে জার্মান বুদ্ধিজীবীদের ভাবমূর্তি মলিন করেছিল। তাই জার্মানীর বাইরে আইনস্টাইনের খ্যাতি ও প্রভাবকে এবং বিশেষ করে তাঁর আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গিকে সংকীর্ণ জাতীয়তাবাদী ডানপন্থী জার্মান বিজ্ঞানীদের একটি অংশ সন্দেহের চোখে দেখত। একজন বিজ্ঞানী ও অধ্যাপক হয়েও, তাঁর রাজনৈতিক মতামত প্রকাশকে অস্বাভাবিক ও প্রথাবিরোধী বলে সমালোচনা করা হত।

আইনস্টাইন বিদ্বেষীদের মধ্যে খ্যাতনামা বিজ্ঞানী ফিলিপ লেনার্ড এবং আর্নস্ট গের্ক ও ছিলেন। এঁদের বিরোধিতা ও সমালোচনা ডানপন্থী রাজনীতিবিদ ওয়েল্যান্ডের সুযোগ করে দেয়। ওয়েল্যান্ড গলাবাজি শুরু করেন যে আপেক্ষিক তত্ত্ব যথাযথ বিজ্ঞান নয়, "ইহুদীবাদী ধাপ্পা মাত্র।" আইনস্টাইন বিরোধীদের সংখ্যা খুব বেশি না হলেও, তাদের মধ্যে বেশ কিছু চরমপন্থী ছিল। এমন এক চরমপন্থী ছাত্র "এ ইহুদীর গলা কেটে ফেলার" হুমকি পর্যন্ত দিয়েছিল সে সময়; এবং সেজন্য তাকে কোনো খেসারত দিতে হয়নি।

আইনস্টাইনের প্রতি বিদ্বেষ দেখে তাঁর ডাচ বন্ধুরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। লোরেন্টজ হল্যান্ডে তাঁর জন্য একটি অধ্যাপকের পদ সংগ্রহ করার আয়োজন করেন। তবে জার্মানীতে তাঁর শুভানুধ্যায়ী বিজ্ঞানী ও উপদেষ্টা ম্যাক্স প্ল্যাঙ্ক, আর্নল্ড সমারফেল্ড প্রমুখের সমর্থন ও অনুরোধে তিনি তখনকার মত বার্লিন বিশ্ববিদ্যালয়ে থেকে যান।

সমঝোতার সন্ধানে
যুদ্ধোত্তর জার্মানীর অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হয়ে পড়তে থাকে। রাজনীতিতে দেখা দেয় অরাজকতা, হিংসা ও চরমপন্থার ব্যবহার। জার্মানীর সমরযন্ত্রের সহায়তা করা এবং পক্ষে বক্তব্য রাখার জন্য জার্মান বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাইরের পৃথিবীতে অনেকটা একঘরে ও কোণঠাসা হয়ে পড়েন। আইনস্টাইন তাঁর কাজে ও বক্তব্যে এসব সমস্যা নিরসনে সাহায্য করার চেষ্টা করেছেন।

যুদ্ধের পর বার্লিনে প্রথম যে ফরাসী বুদ্ধিজীবী প্রকাশ্যে বক্তব্য রাখেন তিনি হলেন আর্ট লিব্রে (Art Libre) পত্রিকার সম্পাদক পল কলিন। বুন্ড আয়োজিত ডিসেম্বর ১৯, ১৯১৯ তারিখের সংবর্ধনা সভায় আইনস্টাইন "আন্তর্জাতিক পুনর্মিলনের পবিত্র উদ্দেশ্যে আমাদের সাথে দেখা করতে আসার জন্য" কলিনকে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখে।
মাসখানেক পরে জানুয়ারি ৬, ১৯২০ তারিখে সব রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার জন্য জার্মান সরকারকে অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র শুরু করার জন্য তিনি উদারনৈতিক সাংবাদিক হেলমুট ভন গার্ল্যাখকে অনুরোধ জানান। বিদ্যমান খাদ্য সংকটের প্রেক্ষিতে কারাবাস "বিশেষভাবে কঠোর" এই ছিল তাঁর যুক্তি।

১৯২০ সালের মার্চ মাসে সৈন্য ও জনসাধারণের সম্মিলিত প্রতিরোধের মুখে ডানপন্থী ও প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত ক্যাপ অভ্যুত্থান ব্যর্থ হয়। লোরেন্টজ ও এহরেনফেস্টকে তৎকালীন পরিস্থিতি জানিয়ে লেখা চিঠিতে আইনস্টাইনের মনোভাব জানা যায়। প্রতিবিপ্লবীদের শাসনাধীনে জীবন অসহনীয় হত, তাই তাদের ব্যর্থতায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও দেশের দুর্দশা সম্পর্কে তিনি পল এহরেনফেস্টকে লেখেন, "বাহ্যিক শান্তি পুনঃস্থাপিত হলেও গভীর বিরোধ ও শত্রুতা বিরাজ করছে।[…] ক্ষুধা ও অভাব শহরকে (বার্লিন) ছারখার করে দিচ্ছে। শিশুমৃত্যু ভয়াবহ আকার নিয়েছে। কোন রাজনৈতিক পথে আমরা অগ্রসর হচ্ছি তা কেউ জানে বলে মনে হয় না।" তেমনি সূর লোরেন্টজকে লেখা মার্চ ১৮, ১৯২০ তারিখের চিঠিতে, " […] দুর্ভোগ এখানে ভয়ঙ্কর। খাদ্যের অভাবে অনেকে মারা যাচ্ছে।"

১৯২০ সালের মাঝামাঝি সময় নাগাদ আমেরিকা ও ইংল্যান্ডের কোয়েকাররা পাঁচ লাখেরও বেশি জার্মান শিশুদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছিল। আইনস্টাইনের কৃতজ্ঞতা প্রকাশ পায় এ সম্বন্ধে তাঁর মন্তব্যে, "তিক্ত নিরাশার এ অন্ধকার বছরগুলিতে আমেরিকান ও ব্রিটিশ কোয়েকাররা যে অপূর্ব কল্যাণমূলক কাজ করছেন আমার কাছে তার চেয়ে বড় আর কিছু নেই। জার্মান জনগণকে কোয়েকারদের এ নিঃস্বার্থ সাহায্যদান সম্পর্কে সচেতন করার জন্য আরও কাজ করা প্রয়োজন। জাতিতে জাতিতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য জনজীবনে এর চেয়ে বড় কোন উপাদান নেই।"
শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ নির্মূল করার জন্য বিভিন্ন দেশ ও জাতির জনগণের মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজনীয়তা আইনস্টাইন গভীরভাবে বিশ্বাস করতেন। বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা সে সম্পর্ক গড়ায় অগ্রণী ভূমিকা নেবেন একথা তিনি আজীবন বিভিন্ন পাদপীঠ থেকে নানাভাবে বলেছেন। ১৯১৯ সাল থেকে ১৯২৩ সাল পর্যন্ত চার বছরে আইনস্টাইন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশ পৰিভ্ৰমণ করেন। শান্তির জন্য আন্তর্জাতিক সদ্ভাবের গুরুত্ব এসব দেশে দেয়া তাঁর বক্তব্য, বিবৃতি ও সাক্ষাৎকারে ঘুরে ফিরে এসেছে।

নিজে নোবেল পুরস্কার পাবার দুবছর আগে ১৯২১ সালের ১৯ শে জানুয়ারী আইনস্টাইন চেক প্রেসিডেন্ট টমাস গ্যারিগ মাসারিকের নোবেল শান্তি পুরস্কার মনোনয়নের পক্ষে নোবেল কমিটির সামনে বক্তব্য রাখেন। নির্যাতিত সংখ্যালঘুদের, বিশেষ করে ইহুদীদের সুরক্ষার জন্যে মাসারিকের সুবিদিত অবদানের উল্লেখ করে তিনি বলেন, "তাঁকে নোবেল পুরস্কার দেয়া হবে আন্তর্জাতিক পুনর্মিলনের বিজয়।"

১৯২১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি অন্যান্য জার্মান নেতৃবৃন্দের সাথে আমস্টার্ডামে অনুষ্ঠিত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের আলোচ্য বিষয় ছিল শ্রমিক আন্দোলন এবং শান্তিবাদী আন্দোলনের মধ্যে সহযোগিতা।
এপ্রিল ২, ১৯২১ তারিখে আইনস্টাইন প্রথমবারের মত যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে নিউইয়র্ক পৌঁছান। তাঁর সঙ্গী ছিলেন ইহুদী রাষ্ট্রপন্থী আন্দোলনের নেতা চেইম ওয়াইজম্যান। সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল যেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ। মার্কিন চিকিৎসা পেশাজীবীদের সৌজন্যে সে উদ্দেশ্য সফল হয়।
আমেরিকায় আইনস্টাইন যেখানেই যান, একটিমাত্র ব্যতিক্রম ছাড়া, সবত্রই বিপুল সম্বর্ধনা লাভ করেন। আমেরিকান সংবাদপত্র জুড়ে থাকে আপেক্ষিক তত্ত্বের রহস্যময়তা নিয়ে আলোচনা। আইনস্টাইন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন । নিউইয়র্কের সিটি কলেজ এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর বিজ্ঞান গবেষণার উপর বক্তৃতা দেন।

আমেরিকান বিজ্ঞানের আন্তর্জাতিক চরিত্র আইনস্টাইনের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। মে মাসের শেষ দিকে নিউইয়র্কে বিদায়ী বক্তৃতায় সেই আন্তর্জাতিকতাবাদ যেন রাজনীতির ক্ষেত্রেও সম্প্রসারিত হয় সে আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
১৯২১ সালের মাঝামাঝি আইনস্টাইন বার্লিনে ফেরেন। ততদিনে জার্মানী ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। বুন্ড এসব উদ্যোগে অগ্রণী ভূমিকা নেয়। ১৯২১ সালের শেষে ও ১৯২২ সালের প্রথম দিকে অনেক খ্যাতনামা জার্মান শান্তিবাদী আলোচনার জন্যে ফ্রান্স যান। ১৯২২ সালের মার্চ মাসে বুন্ড এবং তার ফরাসী প্রতিপক্ষ ফরাসী মানবাধিকার লীগ ফ্রান্স ও জার্মানির সব গণতান্ত্রিক দলের প্রতি "শান্তি, নিরাপত্তা ও সমঝোতা" প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে যে বিবৃতি দেয়, আইনস্টাইন ছিলেন তার অন্যতম স্বাক্ষরকারী। বুদ্ধিজীবীদের মধ্যে সমঝোতা গড়ে তোলার উদ্দেশ্যে আইনস্টাইন এর পরপরই ফ্রান্স যান। কলেজ দ্য ফ্রান্সে তাঁর বক্তৃতা সফর সফল হয়। এক সংবাদপত্রে মন্তব্য করা হয়, "প্যারিসে আইনস্টাইন! এ হচ্ছে আন্তর্জাতিক উন্মত্ততা থেকে মুক্তির শুভ সূচনা। এ হচ্ছে হতাশার দৈত্যের বিরুদ্ধে শান্তির দেবদূতের বিজয়।"

ফ্রান্সে আইনস্টাইন কতিপয় রাজনীতিবিদের সাথেও আলাপ করেন । ফ্রান্স ও জার্মানীর মধ্যে বিদ্যমান উত্তেজনা ও শত্রুতা নিরসনের জন্য বড় মাপের উদ্যোগ নেয়ার প্ৰয়োজনীয়তা সম্বন্ধে সবাই একমত হন। উল্লেখ্য এসব রাজনীতিবিদদের কেউই সরকারের কোন দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন না। প্রভাবশালী ও নীতি নির্ধারক রাজনীতিবিদদের জার্মানীর প্রতি মনোভাব ছিল অনমনীয় ও কঠোর। ইতিহাসের গতি তাই বদলে যায়নি।
বুদ্ধিজীবীরা অবশ্য চেষ্টা অব্যাহত রাখেন। পনেরটি শান্তিবাদী দলের সম্মিলিত সংগঠন জার্মান শান্তি কংগ্রেস (Deutsches Friedens-Kartell) আয়োজিত ফ্রাঙ্কো-জার্মান বন্ধুত্বের প্রদর্শনীতে যোগ দেয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের ফরাসী প্রতিনিধিদল ১৯২২ সালের জুন মাসের প্রথম দিকে জার্মানী সফর করেন। দলের অন্যতম সদস্য সরবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিক্টর ব্যাস অনুষ্ঠানটিকে "গভীর খাদের ওপর দিয়ে সেতুবন্ধন" আখ্যায়িত করে তার সূর বেঁধে দেন। ব্যাস তাঁর বক্তৃতায় বলেন ভয়াবহ যুদ্ধের পরেও দু'দেশের মনীষীরা যে একসাথে কাজ করতে পারেন আইনস্টাইন তার জীবন্ত প্রমান। আইনস্টাইন জোর দেন দেশের গণ্ডি থেকে বের হয়ে আসার উপর: " […] 'নিজ দেশের জন্য কী করা উচিত' প্রশ্ন না করে, 'বৃহত্তর বিশ্বসম্প্রদায় গড়ার ভিত্তি স্থাপন করার জন্য আমাদের সম্প্রদায়ের কী করা আবশ্যক,' সেকথা ভাবতে হবে।" জার্মানীর বিভিন্ন শহরে ফরাসী প্রতিনিধিদলকে উষ্ণ সম্বর্ধনা দেয়া হয়।
মাত্র দুই সপ্তাহের মধ্যে এ আশাব্যাঞ্জক পরিস্থিতি আমূল বদলে যায়। জুনের ঊনত্রিশ তারিখে প্রতিক্রিয়াশীল চক্র জার্মান পারারাষ্ট্রমন্ত্রী ওয়ালথার রাথেনাওকে হত্যা করে। রাথেনাও ছিলেন আন্তর্জাতিক সহযোগিতা গড়ার প্রধান পৃষ্ঠপোষক। প্রগতিশীল ইহুদী পররাষ্ট্রমন্ত্রীর গুপ্তহত্যা আইনস্টাইনকে বিচলিত করে। তিনি রাথেনাওকে ব্যক্তিগতভাবে জানতেন। রাথেনাওয়ের পরামর্শেই তিনি ফ্ৰান্স সফরে গিয়েছিলেন। আইনস্টাইনের বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হয়ে ওঠেন। তাঁরা তাঁকে আত্মগোপন করতে এবং সাময়িকভাবে বার্লিন ছেড়ে যাবার পরামর্শ দেন। আইনস্টাইন সাময়িকভাবে বক্তৃতা দেয়া বন্ধ করে দেন, এবং নিজেকে বার্লিনে সরকারীভাবে অনুপস্থিত বলে দেখান।
অবশ্য এ সতর্কতা ক্ষণস্থায়ী ছিল। পয়লা আগস্টে তিনি "আর যুদ্ধ নয়" বার্ষিক শোভাযাত্রায় প্রায় দুইলাখ লোকের মিছিলে সামিল হন। শুভার্থীরা তাঁকে পায়ে হাঁটার বদলে গাড়িতে যেতে এবং প্রকাশ্য কোন বক্তব্য না রাখতে রাজি করাতে পেরেছিলেন।

১৯২২ সালের অক্টোবর মাসের গোড়ার দিকে আইনস্টাইন দূরপ্রাচ্য ভ্রমণের উদ্দেশ্যে জাপান যান। ১৯২৩ সালের বসন্তে দীর্ঘ ভ্ৰমণ শেষে ফেরার আগে কতিপয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। পদার্থবিদ্যায় ১৯২১ সালের নোবেল পুরস্কার দেয়া হয় তাঁকে। ফ্যাসিস্ট মুসোলিনি ইতালীতে ক্ষমতা দখল করেন। ভার্সাই চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ শোধ করতে না পারায় ফ্ৰান্স জার্মানীর রুর এলাকা দখল করে নেয়। ক্ষুব্ধ আইনস্টাইনের মনোভাব ব্যক্ত হয় সে সময়ে দেয়া এক অটোগ্রাফে, "শিশুরা গুরুজনের প্রজ্ঞা থেকে শিক্ষা নেয়না; জাতিসমূহ শোনে না ইতিহাসের নির্দেশ। অতীতের সব তিক্ত পাঠ সর্বদা নতুন করেই শিখতে হবে।"৫

 
তথ্যসূত্র
[১] রোলাঁর এ আবেদন তাঁর The Forerunners পুস্তকে অন্তর্ভুক্ত। এছাড়াও উদ্ধৃত হয়েছে Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition; pp. 30-31) পুস্তকে।
[২] Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition; pp. 32-33)
[৩] Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition; p. 36)
[৪] The Times of London, November 7, 1919. Later quoted in many books, including, Einstein, by Walter Isaacson, (Simon and Schuster, New York, 2007), p. 261.
[৫] Einstein on Peace, edited by Otto Nathan and Heinz Norden (Avenel, 1981 Edition; p. 57)