কুড়িগ্রামে স্কুলে যাওয়ার পথে গাছচাপায় শিক্ষার্থীর মৃত্যু
সড়কের পাশে কাঠুরিয়ারা গাছ কাটছিলেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মাথায় গাছ পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব পাখিউড়া গ্রামে তার মৃত্যু হয় বলে জানান রৌমারী থানার ওসি রুপকুমার সরকার।
নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বী (১৩) চর শৌলমারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় আব্দুল্লাহ আল নোমান রাব্বী বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে সড়কের পাশে গাছ কাটছিলেন কাঠুরিয়ারা।
এ সময় নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মোটা ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। অচেতন অবস্থায় তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি রুপকুমার সরকার জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি নিহতের পরিবার। তারা চাইলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে তাদের জিম্মায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
