২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট স্বচ্ছ হবে: শমসের মবিন

তৃণমূল বিএনপি এবার ১৪২টি আসনে প্রার্থী দিয়েছে বলে জানান দলটির চেয়ারম্যান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 08:34 PM

Updated : 18 Dec 2023, 08:34 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট স্বচ্ছ হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সিলেট-৬ আসনে দলটির প্রার্থী।

সোমবার দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ ইলেকট্রিক সাপ্লাইরোডে একটি হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ঠিক আছে উল্লেখ করে শমসের মবিন বলেন, “বর্তমান কমিশন সুষ্ঠু ভোটগ্রহণে বদ্ধপরিকর। কমিশন প্রতিশ্রুতি রক্ষা করলে ভোট সুষ্ঠু হবে, এটাই আমাদের প্রত্যাশা। আগের নির্বাচনগুলোর মতো এবার মনে হয় হবে না।

“একাদশ সংসদ নির্বাচনে ‘রাতেরবেলা’ ভোট হয়েছে, এমনটা বলেন জনগণ। ২০১৪ সালের নির্বাচনে বিপুলসংখ্যক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন; এবার অন্তত সেটা হচ্ছে না। নির্বাচন নিয়ে বিতর্ক ও প্রশ্ন থাকলেও আমাদের ধারণা প্রশাসন নিরপেক্ষ থাকলে ভোট স্বচ্ছ হবে।”

তৃণমূল বিএনপি ৩০০টি আসনে প্রার্থী দিয়েছিল; তবে সবশেষ ১৪২ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান শমসের মবিন।

সাবেক এ পররাষ্ট্র সচিব আরও বলেন, “দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। সেই সময় তিনি আশ্বস্ত করেছিলেন, ‘নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে’।

“আমরাও দেখছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকাতেই আছে। আমরা আশাবাদী নির্বাচন সুন্দর হবে।”

সিলেট জেলা তৃণমূল বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলনে প্রার্থীদের মধ্যে সিলেট-২ আসনের আব্দুর রব মল্লিক, সিলেট-৪ আসনের মো. আবুল হোসেন ও সিলেট-৫ আসনের কুতুব উদ্দিন আহমদ শিকদার উপস্থিত ছিলেন।