২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালভার্ট বন্ধ করে রেললাইন, প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

কয়েকশ বসতবাড়ি ও ৩০০ হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা এলাকাবাসীর।

কালভার্ট বন্ধ করে রেললাইন, প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

কাশিয়ানী-পোনা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:10 PM

Updated : 25 Aug 2022, 09:10 PM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে রেললাইন নির্মাণের প্রতিবাদ এবং নতুন কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সন্ধ্যাবাজার এলাকায় কাশিয়ানী-পোনা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, বারাশিয়া নদীর সংযোগে কুঠির খালের কালভার্ট দিয়ে কাশিয়ানীর একাংশের পানি নিষ্কাষিত হতো। কিন্তু পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় রেললাইন নির্মাণ করায় সন্ধ্যাবাজার এলাকায় কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকার কয়েকশ বসতবাড়ি ও ৩০০ হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় বক্তারা বন্ধ কালভার্টের মুখ খুলে দিতে এবং স্থায়ীভাবে নতুন কালভার্ট নির্মাণ করার দাবি জানান। একইসঙ্গে বিষয়টির সুরহা না হওয়া পর্যন্ত ওই এলাকায় রেললাইন নির্মাণের সব কার্যক্রম বন্ধ রাখার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারিও দেন তারা।

মানববন্ধনে কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, দপ্তর সম্পাদক শহীদুল খন্দকার, আওয়ামী লীগ নেতা খালিদ হোসেন লেবু, সাংবাদিক মো. ফায়েকুজ্জামান, শহীদুল আলম মুন্না, ইউপি সদস্য হাসানুর রহমান হাসু বক্তব্য দেন।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ইনচার্জ কর্নেল মো. ইলিয়াস হোসেন বলেন, “বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আমাদের প্রজেক্ট প্ল্যানে ওখানে কোনো কালভার্ট নেই। তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

“তবে যদি কোনো সুযোগ থাকে জনগণের দাবির বিষয়টি আমরা বিবেচনা করে দেখবো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হবে”, যোগ করেন তিনি।