২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় আহত শাবি ছাত্রী আইসিইউতে

এক সহপাঠী জানান, রাস্তা উঁচু-নিচু হওয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মুবাশ্বেরা।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় আহত শাবি ছাত্রী আইসিইউতে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সিলেট

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 03:25 PM

Updated : 11 Aug 2022, 07:31 PM

বন্ধুদের সঙ্গে বেড়িয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

সিলেট বিমানবন্দর সড়কে বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল জানান।

আহত মুবাশ্বেরা বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ তানভীর ইসলাম নাবিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুবাশ্বেরার মাথার ডানদিকে আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তার এখনও জ্ঞান ফেরেনি। শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। ৭২ ঘণ্টা গেলে বোঝা যাবে, তার অবস্থার উন্নতি হবে কি না।”

ঘটনার বর্ণনায় প্রক্টর জানান, ওই ছাত্রী তার সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। পরে সহপাঠীরাই তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে যায়।

রাতেই উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান তিনি।

সহপাঠী সাজ্জাদের মোটরসাইকেলে ছিলেন মুবাশ্বেরা। ওই মোটরসাইকেল থেকে পড়েই আহত হন তিনি।

সাজ্জাদ বলেন, "আমরা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে এয়ারপোর্টের দিকে ঘুরতে গিয়েছিলাম। একটি আমি ড্রাইভ করছিলাম, সেটায় মুবাশ্বেরা ছিল।

“ফেরার পথে মুবাশ্বেরার দুই হাতেই জিনিসপত্র ছিল। রাস্তা উচু-নিচু হওয়ায় মোটর সাইকেল থেকে পড়ে যায় সে। তখন অজ্ঞান অবস্থায় তাকে আমরা অটোরিকশায় করে মেডিকলে নিয়ে যাই।"