হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
আহত একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের প্রাণ গেছে।
সোমবার সকালে মাধবপুর উপজেলার শাহপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া জানান।
নিহতরা একই ট্রাকের চালক ও সহকারী। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, সকাল ৮টার দিকে ঢাকামুখী বালু বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিলেটমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকামুখী ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় অপর ট্রাকের চালকের সহকারী মাজেদকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
