নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানায় পুলিশ।
নীলফামারী সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি চেয়ারম্যান প্রাণ হারিয়েছেন।
সোমবার দুপুর ১টার দিকে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীরবাজারে এ ঘটনা ঘটে বলে জানান নীলফামারী সদর থানার ওসি মো. তানভীরুল ইসলাম।
নিহত আনোয়ারুল ইসলাম (৬২) খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢেকিয়াবাড়ি গ্রামের প্রয়াত আহমদ আলী সরকারের ছেলে।
আনোয়ারুলের চাচাত ভাই সফিকুল ইসলাম জানান, গোড়গ্রামের ভবানীগঞ্জ হাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনোয়ারুল। পথে মাটি বহনকারী একটি ট্রাক্টর মোরটসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি; পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় জানান, আনোয়ারুল ইসলাম ২০০৩ সালের ১৭ এপ্রিল থেকে ২০১১ সালের ৩ অগাস্ট পর্যন্ত খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
