নোয়াখালীতে বিএনপির যুগ্ম মহাসচিবসহ ৪৯৪ জনের নামে মামলা
মামলায় প্রধান আসামি করা হয়েছে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে।
নোয়াখালীর সোনাইমুড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
ঘটনার একদিন বাদে রোববার সোনাইমুড়ি থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপির ৯৪ নেতাকর্মী নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ পর্যন্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদলের দুই নেতাকে হত্যার প্রতিবাদে শনিবার সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।
বিকেলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসার পথে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশের ব্যবহৃত একটি গাড়িসহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
