১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্কুলছাত্রীকে অপহরণ করতে আসা দুজনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন

গণপিটুনিতে গুরুতর আহত একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্কুলছাত্রীকে অপহরণ করতে আসা দুজনকে গণপিটুনি, মাইক্রোবাসে আগুন

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করতে আসা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 05:18 PM

Updated : 16 Oct 2023, 05:18 PM

ফরিদপুর শহরে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার সময় দুইজনকে ধরে শিক্ষার্থীরা গণপিটুনি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের সামনে এ ঘটনা ঘটে বলে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এম এ জলিল জানান।

গণপিটুনির শিকার দুজন হলেন- সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা মামুন (৪০) এবং ওই পৌরসভার গোয়ালচামট এলাকার বাসিন্দা আলমগীর (৫২)।

ওই বিদ্যালয়ের শিক্ষক অমূল্য কুমার বলেন, “সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আমাদের স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এ সময় সাহসিকতার সঙ্গে তার সহপাঠী ও স্থানীয়রা স্কুল মাঠের মধ্যে গাড়িটির গতিরোধ করে ধরে ফেলে।

“তারা দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এসময় কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।”

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গাফফার বলেন, “যারা ছাত্রীকে তুলে নিয়ে যেতে এসেছিলেন তাদের বাড়ি কাছাকাছি। এর মধ্যে ২৮ বছরের এক যুবক ছিলেন। মূলত তার সঙ্গেই অন্যরা এসেছিলেন। সেই যুবক হয়তো কোনোভাবে পালিয়ে গেছেন।”

কোতোয়ালি থানার ওসি জলিল বলেন, গণপিটুনিতে গুরুতর আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

“দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।