১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্পেনের বিশ্বকাপ দল থেকে নেই বার্সার ২ জন, ফিরলেন রেয়ালের হাউসেন

উয়েফা নেশন্স লিগের জন্য নতুন চার খেলোয়াড়কে দলে ডেকেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

স্পেনের বিশ্বকাপ দল থেকে নেই বার্সার ২ জন, ফিরলেন রেয়ালের হাউসেন

ডিন হাউসেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 06:51 PM

Updated : 18 Sep 2026, 06:51 PM

বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদায় মাঠে নামতে যাচ্ছে স্পেন। উয়েফা নেশন্স লিগের জন্য নতুন চার খেলোয়াড় দলে ডেকেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। যে দলে নেই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক জোয়ান গার্সিয়া ও মিডফিল্ডার গাভি।

আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মোট চারটি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইবার এবং ইংল্যান্ড ও চেকিয়ার বিপক্ষে একবার করে লড়বে তারা।

এজন্য শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করেন দে লা ফুয়েন্তে।

এস্পানিওলের ফরোয়ার্ড রবের্তো ফের্নান্দেস ও ইন্টার মিলানের গোলরক্ষক ইয়োসেপ মার্তিনেস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশা মুছে আবার দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডিন হাউসেন। চোটের কারণে বিশ্বকাপের আগমুহূর্তে ছিটকে পড়া বার্সেলোনার ফের্মিন লোপেসও ফিরেছেন দলে।

গত বুধবার লা লিগার ম্যাচে হাঁটুতে চোট পান বার্সেলোনার মূল দলের গোলরক্ষক গার্সিয়া। তার সেরে উঠতে কতদিন লাগবে, সে বিষয়ে কিছু জানায়নি কাতালান ক্লাব। আর বিশ্বকাপ ফাইনালে অক্রীড়াসুলভ আচরণের জন্য নিষেধাজ্ঞার কারণে দলে থাকলেও নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে পারতেন না গাভি।

গত বিশ্বকাপে খেলা সেল্তা ভিগোর ফরোয়ার্ড বোর্হা এগলেসিয়াসও নেশন্স লিগের দল থেকে বাদ পড়েছেন। আর আতলেতিকো মাদ্রিদের মার্কোস ইয়োরেন্তে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।

আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করবে স্পেন। এরপর তারা ক্রোয়েশিয়া, চেকিয়া এবং আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে।