সাজেকে ডায়রিয়ায় দুই মৃত্যু, আক্রান্ত অনেকে
এলাকায় কোনো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র না থাকায় তান্ত্রিক দ্বারা চিকিৎসা নিয়ে থাকেন এলাকাবাসী।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার ভোর ও দুপুরে সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লংথিয়ানপাড়ায় এ দুজনের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন, গবতি বালা ত্রিপুরা (৫০) এবং দরুং ত্রিপুরা (৬০)।
এ ছাড়া ওই পাড়া ও আশপাশের কিছু গ্রামে নারী শিশু ও বৃদ্ধসহ একই রোগে আক্রান্ত হয়েছেন আরও অর্ধশতাধিক।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে সাজেকের লংথিয়ানপাড়া, অরুণপাড়া, কাইজাপাড়া, রায়নাপাড়া ও শিয়ালদহ এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়।
সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জোপুইথাং ত্রিপুরা জানান, বর্তমানে শিয়ালদহ এলাকায় ১০/১২ জন ডাইরিয়া রোগী রয়েছে। মূলত ছড়ার পানি থেকে এই রোগ ছড়িয়েছে।
এলাকায় যাতায়াতের কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে রোগীরা মাচালং ও উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে না। ফলে স্থানীয় তান্ত্রিক দ্বারা চিকিৎসা নিয়ে থাকেন এলাকাবাসী।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, “এলাকাটি খুবই দুর্গম, হাঁটা ছাড়া বিকল্প নেই।
“সংবাদ পাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরবিন্দু চাকমার সঙ্গে যোগাযোগ করে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রাথমিকভাবে পাশের বিজিবি বিওপি থেকে স্যালাইন সরবরাহ করা হয়েছে, তবে তা খুবই সীমিত বলে জানান ইউএনও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরবিন্দু চাকমা বলেন, “ইতোমধ্যে চার সদস্যদের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সাজেকের উদ্দেশে রওনা হয়েছে। সাজেকের কংলাকপাড়া থেকে হেঁটে ঘটনাস্থলে পৌঁছতে একদিন লাগবে। মেডিকেল টিমের সদস্যরা পৌঁছলে বিস্তারিত জানতে পারব।”
২০১৬ সালে ওই এলাকাগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয়জন মারা যান। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারে পাঠানো চিকিৎসক দলের দীর্ঘ এক মাসের চিকিৎসায় রোগ নিয়ন্ত্রণে আসে।
