নেত্রকোণায় পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
দুই শিক্ষার্থী সাঁতার জানতেন না বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দুজনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন বলে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার হাটখলা গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদের ছেলে হাফেজ মো. আব্দুল্লাহ (১৯) এবং মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকার আব্দুল মালেকের ছেলে আবু সাইদ (২০)। তারা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দুপুরে মাদ্রাসার পাশে একটি পুকুরে গোসল করতে যান আব্দুল্লাহ ও আবু সাইদ। তারা দুইজন সাঁতার জানতেন না। সবার অগোচরে তারা গোসল করার সময় পানিতে ডুবে যান।”
“তাদেরকে না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা খোঁজ করতে থাকেন। সন্ধ্যার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে।”
