‘ফ্ল্যাট ও মাইক্রোবাসে মিলল ২৭ হাজার’ ইয়াবা, ‘কারবারি’ গ্রেপ্তার
এছাড়া নগদ ৮ লাখ ৮৮ হাজার টাকাও জব্দ করা হয়।
ফেনীতে ফ্ল্যাটের ইন্টেরিয়রের ভেতর ও গ্যারেজে থাকা মাইক্রোবাস থেকে ২৭ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে; গ্রেপ্তার হয়েছেন ‘ইয়াবা কারবারি’ যুবক।
রোববার সকালে শহরের শাহীন একাডেমি রোডে মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটের অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
সাদেকুল ইসলাম জানান, ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়রের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তার করা হয় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা গ্রামের মো. আবুল হাশেম সোহাগকে (৩৮)।
সোহাগকে জিজ্ঞাসাবাদে গ্যারেজে থাকা তার ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করা হয়। সেখানে পাওয়া ইয়াবাসহ ট্যাবলেটের সংখ্যা দাঁড়ায় ২৭ হাজার ৩০০টি। এছাড়া তার কাছ থেকে নগদ ৮ লাখ ৮৮ হাজার টাকাও জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, দীর্ঘদিন ধরে তিনি সুকৌশলে ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে সংগ্রহ করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।”
জব্দ ইয়াবাসহ সোহাগকে রোববার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহাগের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমাবার তাকে আদালতে পাঠানো হবে।
