হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, নিখোঁজ ১
মালবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় ফিরছিল বলে জানায় কোস্ট গার্ড।
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়া পণ্যবাহী কার্গো জাহাজের ১১ নাবিককে উদ্ধার করা হয়েছে; নিখোঁজ রয়েছেন একজন।
বৃহস্পতিবার বিকালে মাছ ধরার একটি ট্রলার তাদের উদ্ধার করে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের পেটি কর্মকর্তা মো. সেলিম মণ্ডল।
তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া নাবিক ও নিখোঁজের নাম-পরিচয় জানা যায়নি।
সেলিম মণ্ডল বলেন, ‘এমভি মৌ-মনি’ নামের মালবাহী একটি কার্গো জাহাজ চট্টগ্রাম থেকে ১২ নাবিকসহ পণ্য নিয়ে ঢাকায় ফিরছিল। দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের ইসলাম চর এলাকায় ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ নাবিকদের কাছ থেকে খবর পেয়ে দুপুর ২টার দিকে হাতিয়া কোস্ট গার্ড ও নলচিরা নৌ-পুলিশের দুটি দল নলচিরা ঘাট থেকে রওনা হয় বলে জানান তিনি।
কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাগরে অবস্থানরত জেলেরা ১১ নাবিককে উদ্ধার করে চট্টগ্রামগামী মালবাহী একটি জাহাজে তুলে দেন; তবে কার্গোটির মাস্টার এখনো নিখোঁজ আছেন বলে জানান কোস্ট গার্ডের এই পেটি কর্মকর্তা।
নিখোঁজ মাস্টারকে উদ্ধারে কোস্ট গার্ডের ছয় সদস্যের একটি দল সাগরে তল্লাশি চালাচ্ছে বলে জানান তিনি।
জাহাজটির মালিকপক্ষের মোহাম্মদ ওহায়েদুল ইসলাম মোবাইল ফোনে জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। নাবিকদের সঙ্গে প্রথমে মোবাইল ফোনে কথা বলা গেলেও নেটওয়ার্ক না থাকায় এখন আর যোগাযোগ করা যাচ্ছে না।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ বলেন, ১১ নাবিক উদ্ধার হলেও জাহাজের মাস্টারের সন্ধান এখনো পাওয়া যায়নি।
