২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পুলিশ লাইনস স্কুল ফটকে ডিজিটাল হাজিরা

একসঙ্গে চারজন শিক্ষার্থী এ গেটে হাজিরা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের সুযোগ পাবে।

ফরিদপুর পুলিশ লাইনস স্কুল ফটকে ডিজিটাল হাজিরা

ডিজিটাল হাজিরা ফটকটি উদ্বোধনের পর এক খুদে শিক্ষার্থী তার পরিচয় সম্বলিত কার্ড পাঞ্চ করছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 01:36 AM

Updated : 08 Aug 2022, 01:36 AM

ফরিদপুর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতির হাজিরা ফটক চালু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফিতা কেটে এ ফটকের উদ্বোধন করেন ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফটক দিয়ে কোনো শিক্ষার্থী প্রবেশ করতে হলে তার পরিচয় সম্বলিত কার্ড পাঞ্চ করতে হবে। তখন গেটটি খুলে যাবে। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে তার হাজিরা নিশ্চিত হবে। পাশাপাশি ওই শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ফোনে হাজিরা সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা চলে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম বলেন, “ফরিদপুরের কোনো বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতির শিক্ষার্থীদের হাজিরা সম্বলিত ফটক এটিই প্রথম। এ জন্য খরচ হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা।”

তার দাবি, এ হাজিরা পদ্ধতির জন্য শিক্ষার্থীদের স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে এবং শ্রেণিকক্ষে হাজিরা না নেওয়ার ফলে যে সময় বাঁচবে সে সময় পাঠদানের পেছনে ব্যয় করা যাবে।

একসঙ্গে চারজন শিক্ষার্থী এ গেটে হাজিরা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের সুযোগ পাবে বলে তিনি জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার পরিদর্শক এমএ জলিল, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইউম উপস্থিত ছিলেন।