২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

বৃহস্পতিবার আলোকবালী ইউনিয়নের চর আফজাল নামে একটি বিনোদন কেন্দ্রে ভ্রমণে যায় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা।

নরসিংদীর মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

নিখোঁজ সহিদুল ইসলাম মাহফুজের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 02:02 PM

Updated : 28 Oct 2022, 05:06 PM

নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে মেঘনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়; এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলার পর মেঘনা নদীতে গোসল করতে নামে কয়েকজন। বিকাল ৫টার দিকে তাদের মধ্যে দুজন নদীতে তলিয়ে যায় বলে জানিয়েছেন করিমপুর নৌ-পুলিশের ফাঁড়ির পরিদর্শক ফরিদ আলম আহমেদ।

এর মধ্যে শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ থানার দড়িপাড়া গ্রামের আজিজুল হকের ১৫ বছর বয়সী ছেলে মো. গালিব মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

এখনও নিখোঁজ আছে রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ১৭ বছর বয়সী ছেলে সহিদুল ইসলাম মাহফুজ।

তারা নরসিংদীর ঘোড়াদিয়ার মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।

Image

নিহত মাদ্রাসা শিক্ষার্থী মো. গালিব মিয়া

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সদর থানার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের চর আফজাল নামে একটি বিনোদন কেন্দ্রে ভ্রমণে যায় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের সঙ্গে দুজন শিক্ষকও ছিলেন।

নিখোঁজ গালিবের বাবা আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গালিব মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছে। পরে তাকে জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে অষ্টম শ্রেণিতে পড়ত সে।

“তবে গালিব মুহম্মদীয়া মাদ্রাসায় গিয়ে কুরআন শরিফ রিভিশন দিত নিয়মিত। ওই মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সেও পিকনিকে যায়। বিকেলে পানিতে নেমে সে তলিয়ে যায়।”

নৌ-পুলিশের পরিদর্শক ফরিদ আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজনকে ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ শুরু করেছে।