গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
একজন ট্রাক চাপায় ও অপরজন কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং বেলা আড়াইটায় জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কে দুর্ঘটনা দুইটি ঘটে।
নিহতরা হলেন, মুছা মিয়া (৩৩) ও লিটন মিয়া (৩৫)।
নিহত মুছা মিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গাছুনিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড গ্রামের ফখরুদ্দিন টেক্সটাইলে চাকরি করতেন।
অপরদিকে, লিটন মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস জানান, রোববার সকাল ৯টায় মুছা মিয়া মোটরসাইকেলে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
অপরদিকে, মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মিয়া জানান, রোববার বেলা আড়াইটায় মোটরসাইকেলে জৈনাবাজারের দিকে যাচ্ছিলেন লিটন মিয়া। পথে জৈনাবাজার-শৈলাট আঞ্চলিক সড়কের গুতার বাজার এলাকায় একটি কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চালকসহ কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মিন্টু মিয়া।
